২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইলির পক্ষে জাস্টিন

এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে অশালীন পরিবেশনার কারণে সংগীত মহলে সম্প্রতি আলোচনার মূল কেন্দ্রে রয়েছেন পপতারকা মাইলি সাইরাস। যখন বেশিরভাগ সমালোচক বলছেন নাচটি ছিল ভয়াবহ রকমের বাজে এবং অশালীন, তখন মাইলির নাচের প্রশংসা করলেন আরেক পপতারকা জাস্টিন টিম্বারলেক।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 06:08 PM

Updated : 25 Apr 2022, 07:10 PM

২৫ অগাস্টের ওই অনুষ্ঠানে চারটি অ্যাওয়ার্ড পাওয়া জাস্টিন ব্যাং শোবিজকে জানিয়েছেন, বেশ ভালোই লেগেছে তার মাইলির পরিবেশনা। আর মাইলির নাচ দেখে উইল স্মিথ এবং তার পরিবারের অভিব্যক্তি যা হয়েছিল, সেটি দেখে না কি ভীষণ মজা পেয়েছেন তিনি।

জাস্টিন কৌতুক করে বলেন, “মাইলির পরিবেশনায় আমার সবচেয়ে পছন্দের জায়গাটি হল উইল স্মিথের পরিবারের প্রতিক্রিয়া। সেদিন আমি নাচটি দেখতে পারিনি, কিন্তু পরের দিন ভিডিও দেখেছি। আমার সবচেয়ে মজার মনে হয়েছে তাদের অভিব্যক্তি।”

মাইলির টেডি বিয়ারের সঙ্গে পেছন দিক ঘুরিয়ে অশ্লীল ভঙ্গির নাচ অনেকের পছন্দ না হলেও বিষয়টি খারাপভাবে দেখছেন না জাস্টিন। তার মতে এটি এমন কিছুই নয়। তিনি মনে করেন, বরং ২০০৩ সালে ‘জাস্ট লাইক এ ভার্জিন’ গানটি পারফর্ম করার সময় গায়িকা ম্যাডোনা এবং ব্রিটনি স্পিয়ার্সের চুমু খাওয়ার বিষয়টি ছিল আরও বেশি বিতর্কের।

জাস্টিন বলেন, “আপনাদের বুঝতে হবে, এটাই হল এমটিভি অ্যাওয়ার্ড। এর চাইতে ভালো কী আশা করেন আপনারা? আমি মাইলিকে অনেক পছন্দ করি। আমার মনে হয় সে এখন বড় হয়েছে, আর সে সবাইকে জানাতে চায় সে আর ছোট্টটি নয়। আমার মনে হয় এই অনুষ্ঠানের জন্য এটি খুবই স্বাভাবিক, এমন তো নয় মাইলি গ্র্যামি অ্যাওয়ার্ডে এ ধরনের নাচ দিচ্ছে।”

রোববার এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে গায়ক রবিন থিকের সঙ্গে পারফর্ম করেন মাইলি সাইরাস। সেদিন তার পরনে ছিল প্লাস্টিকের একটি বিকিনি। পারফরম্যান্সের এক পর্যায়ে টেডি বিয়ারের সঙ্গে পেছন দিক ঘুরিয়ে বেশ কিছু অশ্লীল ভঙ্গির নাচ দেখান মাইলি। এক পর্যায়ে অনুষ্ঠানে উপস্থিত অভিনেতা উইল স্মিথ এবং তার পরিবারের সবাই মাইলির নাচ দেখে লজ্জাবোধ করেন।

নাচটির জন্য সমালোচনার শিকার হয়েছেন মাইলি সাইরাস।