২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারিনার অন্যরকম প্রেম

কারিনা কাপুর এর আগে অনেক ধরনের প্রেমের দৃশ্যে অভিনয় করলেও ‘সত্যাগ্রহ’ সিনেমায় অজয়ের সঙ্গে এবার তার পর্দা রসায়ন হবে অনেকটাই ভিন্ন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 06:02 PM

Updated : 25 Apr 2022, 07:10 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে কারিনা বলেন,“আমার জন্য ব্যাপারটা একেবারে আলাদা ছিল। কারণ আমি সবসময় কিছুটা রোমান্টিক ধাঁচের সিনেমায় অভিনয় করেছি যেখানে থাকে গান এবং নাচ।”

তিনি আরও বলেন, “এটা সত্যি যে এই সিনেমাতে একটি রোমান্টিক গান রয়েছে। তবে, দুজনের হাতে একটু হাত রাখা এবং একে অপরের দিকে চেয়ে থাকা-এটুকুই রোমান্স রয়েছে এই সিনেমায়। আর হ্যাঁ, প্রকাশ ঝার মতো পরিচালকের সিনেমাতেও এবার রাখা হয়েছে একটি রোমান্টিক গান। সবমিলিয়ে একটি ভিন্নধর্মী প্রেমের সম্পর্কই দর্শক দেখতে পাবেন আমার আর অজয়ের অভিনয়ে।”

সিনেমার রোমান্টিক গানটির নাম ‘রাসকে ভারে তোরে ন্যায়ান’।  গানটি চিত্রায়িত হয়েছে কারিনা এবং অজয়ের উপর। আর তাদের মধ্যকার প্রেম ভালোভাবেই ফুটে উঠেছে গানে।

পরিচালক প্রকাশ ঝার সামাজিক-রাজনৈতিক ধাঁচের সিনেমা ‘সত্যাগ্রহ-তে কারিনা অভিনয় করেছেন একজন সাংবাদিকের চরিত্রে। কারিনা বলেন, নিজের গ্ল্যামারাস  অবয়ব ভেঙে নতুন ধরনের এই চরিত্রে অভিনয় ছিল তার জন্য অনন্য এক অভিজ্ঞতা।

অনুষ্ঠানে কারিনা জানান, একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করে এখন সাংবাদিক সমাজের প্রতি তার শ্রদ্ধা আরও বেড়েছে। কারিনা আরও বলেন, প্রথমে চরিত্রটিতে অভিনয়ের জন্য অনেক নার্ভাস ছিলেন তিনি।

সাংবাদিক হিসেবে কারিনা তার অভিজ্ঞতা সম্পর্কে বলেন,“কোনো কঠিন পরিস্থিতিতে সাংবাদিকদের মতো পুরো ঘটনাটি সংক্ষিপ্ত আকারে অনর্গল বলতে পারি না আমি। আর প্রকাশ ঝা যতটা সাবলীলভাবে লিখেছেন ততটা সুন্দর করে তো নয়ই। কিন্তু আমি পুরো বিষয়টি উপভোগ করেছি।”