সজল-মিমের ‘এবং একটি চিঠি’
সজল ও বিদ্যা সিনহা মিম জুটিবদ্ধ হয়ে কাজ শুরু করেছেন ঈদের পর থেকেই। সম্প্রতি তারা দুজন ‘এবং একটি চিঠি’ টেলিফিল্মে অভিনয় করেছেন। টেলিফিল্মটি পরিচালনা করছেন ইভান রেহান।
এ বিষয়ে ইভান গ্লিটজকে বলেন, “পর্দায় দুজনকে একসঙ্গে দেখতে ভালো লাগে। আর কাজের ক্ষেত্রে বেশ সহযোগিতা পাওয়া যায় সজল ভাইয়ের কাছ থেকে।”
তিনি আরও বলেন, “মিম আগের চেয়ে অভিনয়ে ভাল করছেন। আমার টেলিফিল্মটিতে তিনি অভিনয় করেছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া, গৃহিণী ও মায়ের চরিত্রে।”
তিনি আরও বলেন, “২০১০ সালে পরিচালিত আমার প্রথম নাটকে তারা দুজন ছিলেন। আমার পরিকল্পনা ছিল ওই নাটকের পুরো দলটিকে নিয়ে এই কাজটা করার। কিন্তু অন্তুকে পাওয়া যায়নি তার জায়গায় নিয়েছি কর্ণকে।”
তিনি জানান, অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রিয়া, কর্ণ, আফফান, রাফিউদ্দিন আহমেদ, লিজা, মাহবুব বাপ্পি প্রমুখ।
বন্ধুত্ব, প্রেম, দাম্পত্য টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত টেলিফিল্মটির চিত্রনাট্য লিখেছেন মাহবুব বাপ্পি। কুরবানি ঈদে টেলিফিল্মটি একটি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নাটকটির পরিচালক।
