২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেলুলয়েডে শার্লক

বলা হয়, পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় এবং পাঠকমাতানো কাল্পনিক চরিত্র হল শার্লক হোমস। কালজয়ী এই চরিত্রের স্রষ্টার নাম স্যার আর্থার কোনান ডয়েল। স্কটিশ এই ভদ্রলোক, যিনি ব্যক্তিগত জীবনে চিকিৎসক ছিলেন, রহস্যের প্রতি তার অপরিসীম ভালোবাসার প্রকাশ ঘটান ১৮৮৭ সালে শার্লক হোমস নামে একজন কনসাল্টিং গোয়েন্দাচরিত্র সৃষ্টির মাধ্যমে। সেই থেকে শুরু; সাহিত্যের জগতে ঝড় তোলার পর শার্লকের সাম্রাজ্য বিস্তৃত এখন বিনোদনের জগতেও। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> তওসিফ মোহাম্মদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2013, 05:24 PM

Updated : 13 Oct 2022, 02:56 PM

সিনেমাজগতের অন্যতম বৈশিষ্ট্য হল, পৃথিবীর যে কোনো বিখ্যাত চরিত্র; তা বাস্তবই হোক অথবা কাল্পনিকই হোক, তাকে টেলিভিশন অথবা সিনেমা থিয়েটারের পর্দায় জীবন দান করা। এই ধারা অনুসারে শার্লক হোমসকে নিয়েও কম মাতামাতি হয়নি! বিভিন্ন ভাষায় এখন পর্যন্ত ৭৮টি চলচ্চিত্র নির্মিত হয়েছে এই বিখ্যাত গোয়েন্দা চরিত্রকে ঘিরে! এর মধ্যে সিংহভাগের আবির্ভাব টেলিভিশনের পর্দাতে হলেও বড় পর্দাতে কম দেখা যায়নি শার্লককে। আবার স্বল্প দৈর্ঘের ড্রামা হিসেবেও কম আবির্ভাব ঘটেনি শার্লকের। এ পর্যন্ত প্রায় ১৭টি টেলিভিশন ড্রামাতে আবির্ভাব ঘটেছে এই কালজয়ী গোয়েন্দা চরিত্রের। আর তাই, সাহিত্যজগতের সঙ্গে সঙ্গে সেলুলয়েডের দুনিয়াতেও পিছিয়ে নেই সবার প্রিয় এই খ্যাপাটে গোছের গোয়েন্দা চরিত্রটি।

বড় পর্দার শার্লক

অনেক হিসেব-নিকেশ করে দেখা গেছে, শার্লকের চরিত্র ফিল্মি জগতের অন্যতম কার্যক্ষম চরিত্র, যাকে দর্শক অত্যন্ত সাদরে গ্রহণ করেছে এবং এখনও করে থাকে। ১৮৯০ সালে প্রথমবারের মতো শার্লক হোমসকে নিয়ে চলচ্চিত্র বের করে আমেরিকান মিউটোস্কোপ এবং বায়োগ্রাফ কোম্পানি; চলচ্চিত্রটির দৈর্ঘ্য ছিল এক মিনিটেরও কম! এরপরে ১৯০৫ সালে ভিটাগ্রাফ নামক কোম্পানি মুক্তি দেয় ‘অ্যাডভেঞ্চার্স অফ শার্লক হোমস’ নামে একটি পূর্ণদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্র। এভাবে বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত শার্লক হোমসকে নিয়ে আরও অনেক চলচ্চিত্র মুক্তি পায়। তার মধ্যে কয়েকটি চলচ্চিত্র ছিল আসল কাহিনির প্যারোডি রূপ।

পরবর্তীতে ১৯৭৪ সালে শার্লক হোমসের একটি অপ্রকাশিত পাণ্ডুলিপি নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র বানানো হয়, যেখানে শার্লক হোমস চরিত্রে রূপদান করেন স্কটিশ অভিনেতা নিকোল উইলিয়ামসন এবং ওয়াটসন চরিত্রে অভিনয় করেন নামজাদা আমেরিকান অভিনেতা রবার্ট ড্যুভাল।

১৯৮৮ সালেও আর্থার কোনানের এই দুই চরিত্রের উপর ভিত্তি করে বানানো হয় ‘উইদাউট এ ক্লু’  নামে একটি কমেডি চলচ্চিত্র, যেখানে অন্যতম মূলচরিত্র ওয়াটসনের ভূমিকায় অভিনয় করেন অস্কারবিজয়ী অভিনেতা স্যার বেন কিংসলে।

রিচার্ড কিনকেইড নামে একজন মাদকাসক্তের চরিত্রে (যাকে ওয়াটসন পরবর্তীতে তার পাঠকদের সামনে তার গল্পের শার্লক হোমস হিসেবে পরিচয় করিয়ে দেন) অভিনয় করেন আরেক খ্যাতনামা ব্রিটিশ অভিনেতা স্যার মাইকেল কেইন।

একুশ শতাব্দীতে ব্রিটিশ পরিচালক গাই রিচি হলিউডি অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র (শার্লক) এবং ব্রিটিশ অভিনেতা জুড ল (ওয়াটসন) কে নিয়ে নির্মাণ করেন দুটি সিনেমা-- ‘শার্লক হোমস’(২০০৯) এবং ‘শার্লক হোমস : এ গেইম অফ শ্যাডোজ’(২০১১)। ওই দুই সিনেমাতে ডয়েলের সৃষ্ট মূলচরিত্রগুলোর কোনো পরিবর্তন না করে এবং শার্লকের মূলগল্পের সামান্য প্রভাব রেখে সম্পূর্ণ নতুন গল্প ব্যবহার করেছিলেন রিচি। শার্লক চরিত্রটিতে হালকা কমেডির ছোঁওয়া এবং ওয়াটসনকে বেশ মারকুটে একটি চরিত্র হিসেবে উপস্থাপন করেন তিনি।  নতুনভাবে উপস্থাপিত শার্লককে নিয়ে রিচির ওই দুই সিনেমাই বক্স অফিসে পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। সেইসঙ্গে সালোচকদের দৃষ্টি কাড়তেও সক্ষম হয় সিনেমা দুটি।

টেলিভিশনে শার্লক

শার্লককে নিয়ে অনেক চলচ্চিত্র বানানো হলেও চরিত্রটি সম্পূর্ণরূপে বিকশিত হয়েছে টেলিভিশন ড্রামাগুলোতেই। প্রথমবারের মতো এই চরিত্রটি নিয়ে ১৯১১ সালে ১১ পর্বের একটি কমেডি সিরিজ বানায় আমেরিকান বায়োগ্রাফ কোম্পানি, যার নাম ভ‚মিকায় অভিনয় করেন ম্যাক সেনেট। এরপরে ১৯২১ থেকে ১৯২৩ সাল পর্যন্ত ব্রিটেনের ‘স্টল ফিল্মস’ কোম্পানি শার্লককে নিয়ে সর্বমোট ৪৭ পর্ব নির্মাণ করে। দশ বছরের বিরতির পর ব্রিটিশ প্রডিউসাররা ১৯৩৩ থেকে ১৯৩৬ সালের মধ্যে আবারও শার্লককে নিয়ে টেলিভিশন সিরিজ নির্মাণ করেন, যাতে শার্লক চরিত্রে রূপদান করেন ব্রিটিশ অভিনেতা আর্থার ওয়ান্টার। মাঝখানে প্রায় ২০ বছর অনুপস্থিত থাকার পর ১৯৫১ সালে আবারও শার্লক হোমসের আবির্ভাব হয় টিভি মিনি সিরিজে। এরপর ১৯৬০, ১৯৮০ এবং ১৯৮২ সালে ছোটপর্দার দর্শকদের সামনে আবির্ভাব ঘটে শার্লক হোমসের।

তবে একুশ শতাব্দির আগ পর্যন্ত শার্লক চরিত্রটিকে নিয়ে ইংরেজদের সবচেয়ে বড় এবং সিরিয়াস প্রোজেক্ট ছিল ‘দ্য অ্যাডভেঞ্চার্স অফ শার্লক হোমস’ নামক টিভি সিরিজ; এটি ব্রিটিশ টেলিভিশন কোম্পানি গ্রেনাডা টেলিভিশনে ১৯৮৪ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত, প্রায় ১০ বছর ধরে প্রচারিত হয়। জনপ্রিয় এই টিভি সিরিজে শার্লক চরিত্রে অভিনয় করেন ব্রিটিশ অভিনেতা জেরেমি ব্রেট। ওয়াটসন চরিত্রে যথাক্রমে অভিনয় করেন ডেভিড বার্ক এবং এডওয়ার্ড হারডউইক। দর্শক এবং সমালোচকদের মতামত অনুযায়ী এই টিভি সিরিজই এখন পর্যন্ত পর্দায় আবির্ভূত শার্লকের মূল উপন্যাসগুলোর একমাত্র রূপ, যা দর্শকদের সামনে ডয়েলের সৃষ্ট শার্লক হোমসকে পরিপূর্ণরূপে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। এমনকি শার্লক চরিত্রে রূপদানকারী ব্রিটিশ অভিনেতা জেরেমি ব্রেটকে বলা হয় এযাবৎকালের সবচেয়ে নিখুঁত শার্লক হোমস।

একুশ শতকের আগ পর্যন্ত স্যার আর্থার কোনান ডয়েলের চিরাচরিত হুবহু বই থেকে উঠে আসা শার্লক হোমস সেলুলয়েডের জগৎ মাতালেও বিংশ শতাব্দীতে এসে সেই চিরাচরিত কালজয়ী গোয়েন্দার চরিত্র অনেকখানি বদলে যায়। নির্মাতারা সেকেলে শার্লক হোমসের ধারণা থেকে বেরিয়ে এসে মনোযোগ দেন দর্শকদের নতুন এক শার্লক হোমসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে, যে নতুন যুগের উন্নত মানবসভ্যতার একজন সদস্য। এরই প্রেক্ষিতে ব্রিটেনের জনপ্রিয় চিত্রনাট্যকার স্টিফেন মোফাট এবং মার্ক গ্যাটিস মিলে বিশ্বব্যাপী দর্শকদের পরিচয় করিয়ে দেন ‘শার্লক’ টিভি সিরিজটির সঙ্গে। এই সিরিজের মূলভাব স্যার আর্থার কোনান ডয়েলের মূলকাহিনির সদৃশ হলেও চিত্রনাট্যকারদ্বয় আর্থার কোনান ডয়েলের বিখ্যাত চরিত্রগুলোকে সাজিয়েছেন আধুনিক প্রেক্ষাপটে।

এখানে শার্লককে (বেনেডিক্ট কামবারব্যাচ) দেখানো হয় একজন কনসাল্টিং গোয়েন্দা হিসেবে (তার মতে দুনিয়ার একমাত্র কনসাল্টিং গোয়েন্দা) যিনি ইংল্যান্ডের সরকারি গোয়েন্দা সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ডকে মাঝেমধ্যেই সাহায্য করে থাকেন। পরবর্তীতে তার সঙ্গে সহযোগী হিসেবে যোগ দেন তারই ফ্ল্যাটে সহবসবাসরত যুদ্ধফেরত আর্মি ডাক্তার জন ওয়াটসন (মার্টিন ফ্রিম্যান)।

২০১০ এ শুরু হওয়া এই সিরিজে নির্মাতারা চরিত্রের আধুনিকীকরণের পাশাপাশি পরিবর্তন এনেছেন আর্থার কোনান ডয়েলের মূল গল্পগুলোতেও, যদিও গল্পের মূলভাব এবং শিরোনামের কোনো পরিবর্তন আনা হয়নি। সকল পরিবর্তন সত্তে¡ও টেলিভিশনে মুক্তি পাওয়ার পর পরই বিশ্বব্যাপী দর্শকদের মাঝে তুমুল সাড়া ফেলতে সক্ষম হয়েছে এই টিভি সিরিজটি। পাশাপাশি সমালোচকদের মন দখল করে বিশ্বব্যাপী টিভি সিরিজ র‌্যাঙ্কিংয়ের উপরে উঠে আসতে সক্ষম হয়। সিরিজের দুই মূলচরিত্রে রূপদানকারী বেনেডিক্ট কামবারব্যাচ এবং মার্টিন ফ্রিম্যানও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন দর্শকদের কাছে।

ব্রিটিশদের ‘শার্লক’ টিভি সিরিজ থেকে অনুপ্রাণিত হয়ে আমেরিকানরাও সচেষ্ট হয় আমেরিকার প্রেক্ষাপটে শার্লক চরিত্রকে দর্শকদের সামনে হাজির করার। এরই প্রেক্ষিতে ২০১২ সালে দর্শকদের সামনে হাজির হয় “এলিমেন্টারি” নামক টিভি সিরিজ। আর্থার কোনান ডয়েলের মূলকাহিনির সঙ্গে কোনো মিল না রেখে সম্পূর্ণ নতুন আঙ্গিকে টিভিদর্শকদের সামনে পুনরায় আবির্ভাব ঘটে শার্লক এবং ওয়াটসনের। মূলকাহিনি এবং অন্যান্য চরিত্রের মূল প্রেক্ষাপট আধুনিক আমেরিকা হলেও শার্লককে নির্মাতারা ব্রিটিশই দেখিয়েছেন।

তবে ‘এলিমেন্টারি’র নির্মাতারা দর্শকদের চমকে দেন ওয়াটসন চরিত্রটি দিয়ে। স্যার আর্থার কোনান ডয়েলের গল্প থেকে শুরু করে চলচ্চিত্র ও সব টিভি সিরিজে ওয়াটসন চরিত্রটিকে পুরুষ দেখানো হলেও ওই টিভি সিরিজে নির্মাতারা দর্শকদের সঙ্গে ওয়াটসন চরিত্রটিকে পরিচয় করিয়ে দেন একজন নারী হিসেবে। এই টিভি সিরিজে দেখানো হয় শার্লক হোমস (জনি লি মিলার) স্কটল্যান্ড ইয়ার্ডের একজন প্রাক্তন কনসাল্টিং গোয়েন্দা, যিনি তার প্রেমিকার মৃত্যুর পর মাদকে আসক্ত হয়ে পড়েন এবং তার বিলিওনিয়ার বাবা তাকে সুস্থ করে তোলার আশায় আমেরিকাতে পাঠিয়ে দেয়। সেখানে তার ‘সোবার কম্প্যানিয়ন’ হিসেবে নিয়োগ পান প্রাক্তন সার্জন ড. জোয়ান ওয়াটসন (লুসি লিউ)। ব্রিটেনের ‘শার্লক’ টিভি সিরিজটির মতন অতটা গ্রহণযোগ্যতা না পেলেও দর্শকদের মন কিন্তু ঠিকই জয় করে নিতে সক্ষম হয়েছে “এলিমেন্টারি”।