চলচ্চিত্রে ব্যান্ডশিল্পী সাকিব চৌধুরী
ব্যান্ড ক্রিপ্টিক ফেইটের সাকিব চৌধুরী ‘সব কিছু পিছনে ফেলে’ চলচ্চিত্রের সংগীত পরিচালনা করছেন। নির্মাণাধীন চলচ্চিত্রটির চারটি গানের কাজ এরই মধ্যে শেষ করেছেন তিনি। সিনেমাটি তৈরি করছেন রাজিবুল হোসেন।
এ বিষয়ে মিউজিশিয়ান সাকিব গ্লিটজকে বলেন, “আমার একসময়ের সহকর্মী ছিলেন রাজিবুল। তার অনুরোধেই এই সিনেমার সংগীত পরিচালনা করছি। এতে আমার সঙ্গে কাজ করছেন ব্যান্ডমেইট ফারহান।”
তিনি আরও বলেন, “এখন পর্যন্ত চারটি গান চূড়ান্ত হয়েছে। গানের কথা লিখছি আমি। সুর করেছি আমি ও ফারহান। চারটি গানই আমার গাওয়া।”
গানগুলো বিষয়ে সাকিব জানিয়েছেন, পরিচালকের সঙ্গে দীর্ঘ আলোচনা করে সেগুলো তৈরি করছেন তিনি। এর সাতটি গান চলচ্চিত্রের গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে সাত রকম আবহ তৈরি করবে। এগুলো ব্যবহার করা হবে ব্যাকগ্রাউন্ড বা মিউজিক ভিডিও হিসেবে।
কায়েস চৌধুরীর ভাবনা থেকে চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন রাজিবুল হোসেন ও ফুয়াদ নাসের। এটি পাঁচ তরুণের রোমাঞ্চকর নানা অভিযানের গল্প। ফুজি ফিল্মের টাইটেল স্পন্সরে চলচ্চিত্রটিতে অভিনয় করছেন পাঁচ তরুণ শিল্পী।
