২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার কারণে আসিন বাদ

আনিস বাজমি পরিচালিত ‘ওয়েলকাম’ সিনেমার সিকুয়েলে দক্ষিণী অভিনেত্রী আসিনকে বেছে নেওয়া হলেও তার বাবা জোসেফ থোতুমকাল অতিরিক্ত পারিশ্রমিক দাবি করায় তাকে বাদ দেওয়া হয়েছে। তার বদলে এখন সিনেমাটিতে অভিনয় করবেন শ্রুতি হাসান।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 05:41 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

জি মিডিয়া ব্যুরো জানায়, ২৭ বছর বয়সী ওই অভিনেত্রীর বাবা মেয়ের পারিশ্রমিক হিসেবে ১ কোটি রুপি দাবি করেন নির্মাতাদের কাছে। আর তিনি কোনোভাবেই পারিশ্রমিকের অংক কমাতে রাজি হননি। তাই তার বদলে শ্রুতিকেই বেছে নেন পরিচালক।

এক সূত্রে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোনাক্ষি সিনহা সিনেমাটিতে অভিনয় করতে রাজি না হলে আসিনকে বেছে নেন আনিস বাজমি। তবে আসিনের বাবাই সমস্যা হয়ে দাঁড়ান। তিনি কোনোভাবেই অর্থের পরিমাণ কমাতে রাজি হননি। আর তাই আসিনের সঙ্গে আর চুক্তিটি করতে পারেননি কর্তৃপক্ষ।

তবে এ বিষয়ে আনিস বাজমি বলেন, “আমি আসিনের সঙ্গে ‘রেডি’ সিনেমায় কাজ করেছি। তাই তার কথা আমার মাথায় ছিল। তবে আমার মনে হয়েছে, চরিত্রটির জন্য শ্রুতি মানানসই। তাই তাকেই নেওয়া হয়েছে।”

অন্যদিকে আসিনের একজন বন্ধু জানিয়েছেন, আসিনের বাবার সঙ্গে পরিচালক এবং প্রযোজকদের মতভেদ হয়েছে ঠিকই, তবে তা মূল কারণ নয়। আসিন উমেশ শুক্লার সিনেমায় কাজ শুরু করছেন অক্টোবরে। আর তাই ‘ওয়েলকাম’ সিকুয়েলে কাজ করতে পারছেন না।