আমিরকে ছাড়িয়ে শাহরুখ
চার বছর ধরে বলিউডের সবচেয়ে ব্যবসা সফল সিনেমার স্থানটি নিজের দখলে রাখার পর শেষ পর্যন্ত শাহরুখ খান অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’-এর জন্য অবস্থানটি ছেড়ে দিতে হয়েছে আমির খান অভিনীত ‘থ্রি ইডিয়টস’কে।
এনডিটিভি মুভিজ জানিয়েছে, ২০০৯ সালের ডিসেম্বর মাসে মুক্তির পর থেকে ‘থ্রি ইডিয়টস’ সিনেমা তার ঝুলিতে মোট ২০২.৪৭ কোটি রুপি জমা করেছে। আর মুক্তির ১৫ দিনের মাথায় ‘চেন্নাই এক্সপ্রেস’ আয় করেছে ২০২.৬৭ কোটি রুপি।
সিনেমাবাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ টুইট করেন, “রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। আর ‘চেন্নাই এক্সপ্রেস’ সে কাজটিই করেছে। হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল হিসেবে নিজের স্থান তৈরি করে নিয়েছে সিনেমাটি।”
তিনি রোহিত শেঠিরও প্রশংসা করেছেন বলিউডের অন্যতম সফল পরিচালক হিসেবে। কারণ তার ঝুলিতে রয়েছে তিনটি ১০০ কোটি রুপি আয় করা সিনেমাসহ ‘চেন্নাই এক্সপ্রেস’।
তবে বিশ্বব্যাপী এখনও শীর্ষে রয়েছে আমির-কারিনা জুটির ‘থ্রি ইডিয়টস’। ভারত এবং ভারতের বাইরে মিলিয়ে সিনেমাটির মোট আয় ছিল ৩৯২ কোটি রুপি।
