২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ব্যাটম্যান বেন অ্যাফ্লেক

‘ম্যান অফ স্টিল’ সিনেমার সিকুয়েলে বেন অ্যাফ্লেক হচ্ছেন নতুন ব্যাটম্যান, এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সুপারহিরোর ভক্তদের মধ্যে ঝড় শুরু হয়েছে। ব্যাটম্যানের ভক্তরা চাইছেন ওয়ারনার ব্রাদার্স তাদের এই সিদ্ধান্ত পরিবর্তন করুক।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 03:30 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

ব্যাং শোবিজ জানিয়েছে, কে হচ্ছেন এবারের ব্যাটম্যান তা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই তুমুল তর্কবিতর্ক আর জল্পনাকল্পনা চলছিল হলিউডি সিনেমাপ্রেমীদের মধ্যে। কিন্তু শেষমেশ ব্যাটম্যানের নাম প্রকাশ করা হলে ভক্তরা হতাশা প্রকাশ করেন। ‘ম্যান অফ স্টিল’-এর সিকুয়েলে ব্যাটম্যান হিসেবে সুপারম্যানের বিপরীতে অভিনয় করবেন বেন অ্যাফ্লেক, এই খবর জানার পর থেকে টুইটার জুড়ে চলছে প্রতিবাদের ঝড়।

অভিনেতা ক্রিস্টিয়ান বেলকে হটিয়ে এবার ব্যাটম্যানের স্থানটি নেবেন বেন অ্যাফ্লেক, যিনি ব্যাটম্যানের চরিত্রের জন্য পছন্দের তালিকায় ছিলেন সবার নিচে। ওয়ারনার ব্রাদার্সের এই সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন না ভক্তরা। আর তাই একটি পিটিশনের মাধ্যমে ভক্তরা নির্মাতাদের আরও একবার ভেবে দেখার অনুরোধ জানিয়েছেন। ভক্তদের বিশ্বাস, ব্যাটম্যান ব্রুস ওয়েইনের চরিত্রটির জন্য সঠিক নন বেন।

পিটিশনে লেখা হয়েছে, “বেনের অভিনয় ব্রুস ওয়েইনের চরিত্রের ধারেকাছেও যেতে পারবে না। তিনি চরিত্রটির প্রতি সুবিচার করতে পারবেন না।”

আরও লেখা হয়েছে, “তিনি ব্যাটম্যান চরিত্রটির জন্য তৈরি হননি। ‘ডেয়ারডেভিল’ সিনেমায় সুপারহিরো হিসেবে খুবই বাজে অভিনয় করেছিলেন তিনি। তিনি কোনোভাবেই একজন অ্যাকশন তারকা নন। দয়া করে অন্য কাউকে খুঁজে আনুন।”

তবে নিজেদের সিদ্ধান্তে এখনও অটল রয়েছে প্রযোজনা সংস্থা ওয়ারনার ব্রাদার্স। ওয়ারনার ব্রাদার্সের প্রেসিডেন্ট গ্রেইগ সিলভারম্যানের মতে, জ্যাক স্নাইডারের এই সিকুয়েলের জন্য সঠিক পছন্দ হলেন বেন অ্যাফ্লেক।

তিনি বলেন, “আমরা জানতাম ডিসি কমিকসের এই জনপ্রিয় সুপারহিরোর চরিত্রের জন্য আমাদের অসাধারণ কোনো অভিনেতা প্রয়োজন। আর বেন অ্যাফ্লেক নিঃসন্দেহে সেই মানদণ্ডে পড়েন।”

গ্রেইগ আরও বলেন, “বেনের চমৎকার ক্যারিয়ার হল তার প্রতিভার একটি উদাহরণ। আর আমরা জানি তিনি এবং জ্যাক দুজনে মিলে দ্বৈতসত্ত্বার এই চরিত্রটিকে নতুন এক পথে নিয়ে যাবেন।”