‘মরণের পর মালা দেবেন না’
অবহেলার ফলে শিল্পীদের অকাল মৃত্যুর জন্য সরকার ও সমাজকে দায়ী করেছেন লোকগানের শিল্পী আবদুল কুদ্দুস বয়াতি। সদ্য প্রয়াত আবদুর রহমান বয়াতির মরদেহ দেখতে গিয়ে মঙ্গলবার তিনি মিডিয়ার কাছে ক্ষোভ জানিয়েছেন।
তিনি বলেন, “এই দেশে এত শিল্পী, সাহিত্যিক আছেন। এঁরা কদর পান না, মহব্বত পান না। অভাবগ্রস্থ শিল্পীরা বিনা চিকিৎসায় অকালে মৃত্যুবরণ করেন। আমাদের যখন যৌবন থাকে, সারাদেশ এমনকি পৃথিবী কাঁপিয়ে দেই। কিন্তু যখন শিল্পীরা বয়সের ভারে নুয়ে পড়েন তখন তাদের নিয়ে কেউ ভাবে না। আমরা আউলবাউলরা তো পাগল, আমরা গান ছাড়া কিছু বুঝি না। সংসারে কী হচ্ছে, তার খবর রাখি না। তাহলে তার খবর রাখবে কে? তার বংশধর এবং দেশেরই তো তার খবর রাখা উচিত। এই দেশের জন্য সে কি না করেছে!”
তিনি আরও বলেন, “আমার বয়াতি চাচা (আবদুর রহমান বয়াতি) মারা গেলেন। তার তো লক্ষ কোটি ভক্ত ছিল। সরকারি কত কাজ করেছে। কিন্তু আজকে, পাঁচ বছর ধরে তাকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে গেছে একমাত্র জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান। এ জন্য তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ ওরা যদি এ সাহায্যটুকু না করত তাহলে হয়তো উনি আরও দু-তিন বছর আগেই মারা যেতেন। কিন্তু আর সবাই কী করেছে?”
তিনি আরও বলেন, “এ জন্যই আমি এ দেশের বুদ্ধিমান ও বড়মাপের যত মানুষ আছেন, সরকারি, বেসরকারি যত প্রতিষ্ঠান আছে তাদের বলতে চাই, দেখুন আমরা শিল্পী মানুষ, আমরা পাগল মানুষ, আমরা বাউল মানুষ। আমরা কোথায় যাব? এমন ভয়ঙ্কর অবস্থা দেখে আমার কান্না আসছে। আগেও দেখেছি, এখনও দেখছি, আর কত দেখব? এই দেশের সবাই শুধু নিজেদের কথা চিন্তা করে! আমরা বাউলরা খেয়ে আছি নাকি না খেয়ে আছি, এটা কি কেউ চিন্তা করে? আমি অনুরোধ করব সবাইকে, দয়া করে কেউ যেন, মরণের পরে আমাদের মালা দেবেন না। এরচেয়ে বেঁচে থাকতে পেটে কিছু ভাত দেওয়ার ব্যবস্থা করবেন। দেখুন চেয়ে-- লক্ষ কোটি এমন শিল্পী গ্রামে গঞ্জে পড়ে আছেন, বাপ দাদার নাম রাখছেন। তাদের অবস্থাটা একটিবারের জন্য ভাবুন। রহমান বয়াতির মতো অবস্থা যেন আর কারও না হয়। দেখুন না, আজকে তার পাশে কোনো লোক নাই, আজকে সরকার পক্ষ থেকে কেউ দেখতে আসেননি তাকে। কেন এমন হল? কোথায় গেল তারা? আর এই দেশে সব কিছু এখন শুধু পার্টিগত। অমুক দল করে তমুক দল করে। শিল্পীরা তো কোনো পার্টি করতে পারে না!”
তিনি আরও বলেন, “আমি উনাকে চাচা ডাকতাম, আমার প্রতি উনার খুব স্নেহ ভালোবাসা ছিল। ১৯৮৭ সালে আমি যখন প্রথম ঢাকায় আসি। তখনই উনার সঙ্গে আমার সাক্ষাৎ, উনি আমাকে খুব ভালোবাসতেন, খুব স্নেহ করতেন।”
