ঢাকায় ‘ডেসপিকেবল মি টু’
ঢাকার স্টার সিনেপ্লেক্সে ২৩ অগাস্ট মুক্তি পেতে যাচ্ছে অ্যানিমেশন সিনেমা ‘ডেসপিকেবল মি টু’। ২০১০ সালে মুক্তি পাওয়া ‘ডেসপিকেবল মি’-এর সিকুয়েল এই ছবি যুক্তরাষ্ট্রে মুক্তি পায় চলতি বছরের ৩ জুলাই।
এ বিষয়ে সিনেপ্লেক্সের সিনিয়র বিপণন ও মিডিয়া কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, “প্রথম সিনেমাটি মোটামুটি সাফল্য পেলেও এবারের সিকুয়ালটি দারুণভাবে গ্রহণ করেছে দর্শক। মুক্তির পর থেকে উত্তর আমেরিকার বক্স অফিস তালিকায় শীর্ষে অবস্থান করে ছবিটি। পরবর্তীতে হলিউড টপচার্টের দ্বিতীয় শীর্ষস্থান দখল করে পিয়েরে কফিন ও ক্রিস রেনাডের যৌথ পরিচালনার এই ছবি। প্রথম সপ্তাহ শেষে এটি আয় করে ৮ কোটি ২৫ লাখ ডলার। এরইমধ্যে সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় দ্বিতীয় স্থান লাভ করেছে এটি।”
এর বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন স্টিভ ক্যারেল, জেসন সেগাল, রাসেল ব্র্যান্ড, জুলি অ্যান্ড্রুজ, ক্রিস্টেন উইগ, মিরান্ডা কসগ্রোভ, ডেনা গাইয়ের ও এলসি ফিশার। আগের সব চরিত্র নিয়ে নতুন এই সিকুয়ালটি তৈরি হয়েছে।
