২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাটমণ্ডলে ‘চাকা’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে সেলিম আল দীনের ‘চাকা’ নাটকের বিশেষ প্রদর্শনী হবে ২৩, ২৪, ২৫ অগাস্ট সন্ধ্যা ৭টায়। নাটকটি নতুন করে নির্দেশনা দিলেন সুদীপ চক্রবর্তী। এটি প্রযোজনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। নাট্যকলা বিভাগের স্নাতকোত্তর বিভাগের শিক্ষার্থীরা অভিনয় করছেন এ নাটকে।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 06:12 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

এ বিষয়ে সুদীপ বলেন, “স্বৈরাচার বিরোধী আন্দোলনে নূর হোসেনের মৃত্যুর পর সেলিম আল দীন লিখেছিলেন ‘চাকা’। ১৯৯১ সালে সৈয়দ জামিল আহমেদের নির্দেশনায় ঢাকা থিয়েটার প্রথম মঞ্চস্থ করে নাটকটি। এরপর ঢাকার নাট্যমঞ্চ দাপিয়ে বেড়িয়েছে সেলিম আল দীনের এই অসাধারণ সৃষ্টি। নাটকটির মানবিক আবেদন মুগ্ধ করেছিল নির্মাতা মোরশেদুল ইসলামকে। তিনি এ নাটকটি নিয়ে নির্মাণ করেছিলেন চলচ্চিত্র।”

তিনি আরও বলেন, “এটি নির্দেশনা দিতে গিয়ে আনন্দ এবং ভয় দুটোই কাজ করেছে। সেলিম আল দীনের এ পাণ্ডুলিপি নিয়ে আমার নাট্যশিক্ষক সৈয়দ জামিল আহমেদ এর আগে নাটকের নির্দেশনা দিয়েছেন। বিষয়টি আমার মধ্যে ভয় এবং আনন্দের অনুভূতি সৃষ্টি করেছে। নাটকটি আমাদের নাট্য দর্শকের মধ্যে খুবই পরিচিত। এবার নতুন করে নাটকটি মঞ্চে এসেছে, এখন দর্শক নাটকটিকে গ্রহণ করলে তবেই আমাদের পরিশ্রম স্বার্থক হবে।”

১৭ অগাস্ট জাতীয় নাট্যশালার মূল হলে সেলিম আল দীন জন্মোৎসবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়েছে।