মিনুর নতুন অ্যালবাম
নতুন একক অ্যালবামের কাজ শুরু করেছেন কণ্ঠশিল্পী আলম আরা মিনু। নতুন অ্যালবামে তিনি কাজ করছেন এ প্রজন্মের গীতিকার ও সুরকারদের নিয়ে।
এ বিষয়ে মিনু গ্লিটজকে বলেন, “সব সময়ই মেলোডি নির্ভর গান গেয়েছি। নতুন প্রজন্মের গীতিকাররা তাদের কথায় মেলোডিকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। সুরকারদের কাজও দারুণ লাগছে। সিনিয়র আর্টিস্ট হিসেবে নতুনদের সুযোগ করে দেওয়া আমার দায়িত্ব। কাজের ব্যাপারেও তরুণরা ভীষণ সিরিয়াস। তরুণদের সঙ্গে কাজ করে ভালো লেগেছে।”
তিনি জানিয়েছেন, তার নতুন অ্যালবামে গান লিখেছেন নাজির মাহমুদ, লালন লোহানী, রবিউল ইসলাম জীবন প্রমুখ। গানগুলোর সুর করেছেন বেলাল খানসহ আরও কয়েকজন।
কোন ধরনের গান থাকছে এ অ্যালবামে? এমন প্রশ্নের জবাবে মিনু জানালেন, মেলোডি ধাঁচের এ অ্যালবামের গানগুলোতে ফুটিয়ে তুলবেন প্রেম ও প্রকৃতির গল্প।
এদিকে অনেক দিন পর একটি টিভি লাইভ অনুষ্ঠানে গাইবেন তিনি। নিজের গান ছাড়াও তিনি শোনাবেন রবীন্দ্র, নজরুল ও দেশাত্মবোধক গান। গাইবেন ষাট ও সত্তর দশকের জনপ্রিয় গান।
‘স্টুডিও কনসার্ট’ শিরোনামের লাইভ কনসার্টটি প্রচারিত হবে ২৩ অগাস্ট, শুক্রবার রাত ১২টা ৫ মিনিটে আরটিভিতে।
