দুটি কিনলে একটি ফ্রি
হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান রাখিবন্ধন উপলক্ষে সদ্যমুক্তিপ্রাপ্ত সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’-এর দুটি টিকিটের সঙ্গে একটি টিকিট ফ্রি দেওয়ার ব্যবস্থা করেছেন বলিউডি অভিনেতা শাহরুখ খান।
মিডডে জানিয়েছে, ২০ অগাস্ট ভারতজুড়ে এই সুযোগটি পাবেন দর্শকরা। এ বিষয়ে সূত্র জানিয়েছে, ঈদ এবং স্বাধীনতা দিবসের পর এবার রাখি উৎসব উদযাপনের জন্য এই ব্যবস্থা করেছেন শাহরুখ। এর মধ্য দিয়ে দর্শক এবং ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা তিনি পেয়েছেন তার একটি ক্ষুদ্র অংশ ফেরত দেওয়ার ব্যবস্থা করলেন শাহরুখ।
ভারতীয় থিয়েটার বণ্টন পরিচালক গৌরব ভার্মা বলেন, “আমরা সবাইকে এই উৎসবটি ‘চেন্নাই এক্সপ্রেস’-এর সঙ্গে উদ্যাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। রাখি উপলক্ষে প্রতি দুটি টিকিটের সঙ্গে একটি টিকিট ফ্রি দেওয়া হবে।”
রোহিত শেঠি পরিচালিত ‘চেন্নাই এক্সপ্রেস’ মুক্তির পর প্রথম সপ্তাহেই স্থান করে নিয়েছে ১০০ কোটির তালিকায়। দ্বিতীয় সপ্তাহে ওই রেকর্ড টপকে সিনেমাটির আয় এখন দেড়শ’ কোটির উপরে। ১৯০ কোটি রুপি আয় করা ওই সিনেমার আয় অচিরেই দুশ’ কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করছেন এর নির্মাতারা।
