প্রচার অভিযানে প্রিয়াংকা
‘আওয়ার গার্লস আওয়ার প্রাইড’ নামে নতুন একটি সচেতনতামূলক প্রচার অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন বলিউডি অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। ভারত সরকারের উদ্যোগে শুরু হওয়া এই অভিযানের মাধ্যমে দেশটিতে নারীস্বাস্থ্যবিষয়ক সচেতনতা, কন্যাশিশুর ভ্রুণহত্যা রোধ এবং নারীশিক্ষা নিয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে কাজ করবেন তিনি।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে এ বিষয়ে প্রিয়াংকা বলেন, “আমি মনে করি, এ রকম একটি অভিযানের জন্য এটি অসাধারণ একটি শিরোনাম। আমাদের নারীরাই আমাদের গর্ব। আমাদের দেশে দেবী রূপে নারীদের পূজা করা হয়। সেই একই দেশে যখন আমি দেখি নারীদের অসম্মান করা হয়, তখন খুবই ব্যথিত হই আমি।”
ভারতে আদমশুমারীর তথ্য অনুযায়ী প্রতি এক হাজার পুরুষের বিপরীতে নারীর সংখ্যা মাত্র ৮৫০।
এ বিষয়ে প্রিয়াংকা বলেন, “যদি মেয়ে শিশুদের আপনারা জন্মের আগেই মেরে ফেলেন তাহলে কীভাবে আমাদের দেশের উন্নতি হবে।”
নারী অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টির পাশাপাশি ‘আওয়ার গার্লস আওয়ার প্রাইড’ অভিযানের মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত নারীদের জন্য তহবিলও সংগ্রহ করা হবে।
