‘বিষকাব্য’ ও ‘হরতালনামা’
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ফিল্ম সাউথ এশিয়া ২০১৩ –তে একাত্তর টেলিভিশনের দু’টি প্রামাণ্যচলচ্চিত্র ‘বিষকাব্য’ ও ‘হরতালনামা’ প্রদর্শিত হবে। চ্যানেলটির অনুষ্ঠান বিভাগ থেকে খবরটি নিশ্চত করা হয়েছে।
চ্যানেলটি থেকে জানানো হয়েছে, এশিয়ার অন্যতম এ চলচ্চিত্র উৎসব প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে নেপালের কাঠমান্ডুতে। ৩–৬ অক্টোবর অনুষ্ঠিতব্য এই উৎসবে ৩৮২টি সিনেমার মধ্য থেকে মাত্র ৩৫টি ছবি নির্বাচন করা হয়েছে।
শবনম ফেরদৌসী পরিচালিত ২৩ মিনিটের সিনেমা ‘বিষকাব্য’ আবর্তিত হয়েছে ঢাকা শহরের ইঁদুর-তেলাপোকার বিষবিক্রেতাদের দৈনন্দিন জীবনকে কেন্দ্র করে। এ শহরের দরিদ্র্র মানুষের সঙ্গে ইঁদুর-তেলাপোকার পার্থক্য যে খুবই ক্ষীণ তাই এ ছবির মূলকথা।
রাজনৈতিক অধিকারের নামে বাংলাদেশে হরতাল আহবানের মাধ্যমে যেভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়, তাই নিয়ে ফরিদ আহমদ নির্মাণ করেছেন ‘হরতালনামা’। স্যাটায়ারভিত্তিক এ ছবিতে তুলে ধরা হয়েছে হরতালের নানা চিত্র।
একাত্তর টেলিভিশন ২০১২ সাল থেকে সাপ্তাহিকভাবে স্বল্পদৈর্ঘ প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন করে আসছে। এক বছরে তারা বিভিন্ন বিষয়ের উপর ২০টি ছবি নির্মাণ করেছে। এর মধ্যে ‘পতাকা’ গত বছর মুক্তিযুদ্ধ ও মানবাধিকার চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়।
