নাট্যোৎসব মঞ্চে গৌতম ঘোষ
পরিচালক গৌতম ঘোষ আমন্ত্রিত অতিথি হিসেবে নাট্যোৎসবের মঞ্চে উঠলেন। সেলিম আল দীন নাট্যোৎসবে শেষদিনের পরিবেশনা ‘ধাবমান’ নাটক শেষে অভিবাদন গ্রহণের জন্য মঞ্চে ওঠেন তিনি।
মঞ্চে আরও ছিলেন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গৌতম ঘোষ বলেন, “সেলিম আল দীনের অসাধারণ একটি রচনা এবং ঢাকা থিয়েটারের অত্যন্ত উঁচুমানের একটি প্রডাকশন দেখলাম। পরিচালক শিমুল ও তার সকল কলাকুশলীকে অভিনন্দন জানাই। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাটক।”
তিনি আরও বলেন, “খুব মনে পড়ে সেলিম আল দীনকে, আমরা একই বয়সী। অকালে চলে গেল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাকে একটা ওয়ার্কশপ করতে দিয়েছিলেন তিনি। একজন অসামান্য প্রতিভাবান লেখক তিনি।”
অনুষ্ঠানে শিল্পী শাহাবুদ্দিন ও গৌতম ঘোষকে উত্তরীয় পরিয়ে দেন অর্থমন্ত্রী।
‘ধাবমান’ নাটকটি প্রয়াত নাট্যকার ও অধ্যাপক সেলিম আল দীনের রচনা। এটি মঞ্চে পরিবেশন করছে ঢাকা থিয়েটার।
