২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মামুনের বিজ্ঞাপন

নির্মাতা অনন্য মামুন এবারে একটি সংবাদমাধ্যমের জন্য বিজ্ঞাপন তৈরি করেছেন। তিনি জানিয়েছেন, এটি একটি বিজ্ঞাপন হলেও সামাজিক সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে বলে তার ধারণা।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 07:12 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

এই মুহূর্তে ভারতে থাকা এই নির্মাতা গ্লিটজকে ফোনে বলেন, “আমরা পরবর্তী সিনেমার কাজে এখন ভারতে। ১৬ অগাস্ট ভারতে এসেছি। দেশে ফিরব ২২ অগাস্ট। এরপরই নির্মাণাধীন সিনেমা ‘রোমান্স’-এর শুটিং করব। এবার শুটিং হবে পুরনো ঢাকায় বিভিন্ন লোকেশনে। এতে অধিকাংশ দৃশ্যই রাতে ধারণ করা হবে।”

মামুন আরও বলেন, “এবারের ঈদের আগে একটি পত্রিকার বিজ্ঞাপন তৈরি করেছি। এটি আমার একটি ভালো কাজ বলেই মনে করছি। সিরাজগঞ্জের চোরাবালি চরে এর শুটিং হয়েছে। এতে দেখা যায়, চরের একমাত্র স্কুল যা ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে হারিয়ে যায়। এরপর শহরের একজন আগন্তুক এসে স্কুলটি পুনর্নির্মাণ করেন। এতে আমি বলতে চেয়েছি, আমরা শহুরে হলেও দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সবারই কিছু না কিছু দায়িত্ব পালন করা উচিত। তা হলে অনায়াসেই পিছিয়ে পড়া বা অবহেলিতরা সমাজে তাদের অবস্থান তৈরি করতে পারবে।”

তিনি জানিয়েছেন, বর্তমানে টিভি চ্যানেলগুলোতে বিজ্ঞাপনটি প্রচারিত হচ্ছে।

অনন্য মামুনের ‘রোমান্স’ সিনেমায় অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, হাসান মাসুদ, মিঠু, আজাদ দুর্জয়, মারজান ও আফ্রি।