কিমের জন্য বিয়ের আংটি
র্যাপার কেনি ওয়েস্টকে শুক্রবার দেখা গেছে বেভারলি হিলসের নামজাদা অলংকারের দোকান ‘কারটিয়ার’-এ হীরার আংটি বাছাই করতে। কন্টাক্টমিউজিক জানিয়েছে,প্রেমিকা কিম কার্ডাশিয়ানের জন্য বিয়ের আংটি কিনতে গিয়েছিলেন তিনি।
১৬ অগাস্ট বেভারলি হিলসের অলংকারের দোকানগুলো থেকে কিমের জন্য বিয়ের আংটি কিনতে বের হয়েছিলেন কেনি।
ওয়েবসাইট এক্স সেভেনটিন এক সূত্রের বরাতে জানিয়েছে, কেনি খুবই গুরুত্ব দিয়ে আংটিগুলো দেখছিলেন, যেন তিনি খুব জরুরি কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। তিনি যে আংটিগুলো দেখছিলেন সেগুলো সবচেয়ে দামি এবং বড় আকারের হীরার আংটি ছিল।
তবে শেষমেশ খালি হাতেই ফিরতে দেখা গেছে কেনিকে। ধারণা করা হচ্ছে, নিজের পছন্দমতো ডিজাইনে বিশেষভাবে একটি আংটি তৈরি করার ফরমায়েশ দিয়েছেন ৩৬ বছর বয়সী এই গায়ক।
এর আগে এক সূত্র জানিয়েছে, সন্তান জন্মের দুই মাস পর বর্তমানে কিম এবং কেনির বিয়ের আয়োজন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অনেকেই ধারণা করছেন, ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে তাদের বিয়ে।
এক ঘনিষ্ঠ সূত্রের মতে, কেনি এমন কিছু করতে চান, যা খুবই চমৎকার হবে এবং সবকিছুর ঊর্ধ্বে হবে। তারা সম্ভবত দূরে কোথাও বিয়ের অনুষ্ঠান করবেন। কেনি আগে কখনও বিয়ে করেননি। তাই তিনি চাইছেন অনুষ্ঠানটি বড় ধরনের হোক। আর কিম তাকে সমর্থন দিয়েছেন।
‘কিপিং আপ উইথ দ্য কার্ডাশিয়ানস’খ্যাত কিম এর আগে দুবার বিয়ে করেছেন।
