একালের দেবদাস-পার্বতী
এ যুগের দেবদাস পার্বতীর চরিত্রে অভিনয় করছেন নিশো ও তিশা। কৌশিক শংকর দাস পরিচালিত ধারাবাহিক নাটক ‘নীল রংয়ের ভালোবাস’তে এই দুই অভিনয় শিল্পীকে কালজয়ী প্রেমিক যুগলের ভূমিকায় দেখা যাবে।
ধারাবাহিকটি লিখেছেন জাকারিয়া সৌখিন। প্রযোজনা করেছেন সামিয়া জামান। এর শীর্ষসংগীত লিখেছেন গোলাম মুর্তজা রিয়াদ, সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার ও এলিটা কমির।
এ বিষয়ে কৌশিক শংকর দাস গ্লিটজকে বলেন, “আমার প্রথম ধারাবাহিক এটি। গতানুগতিকতার বাইরে গিয়ে ধারাবাহিকটি তৈরি করেছি। মূল আকর্ষণ হচ্ছে এর গল্পে তিন কালজয়ী জুটিকে আধুনিকভাবে উপস্থাপন করছি। এর আগে লাইলি-মজনু ও রোমিও-জুলিয়েট জুটিকে নিয়ে শুটিং করেছি। এবারে দেবদাস-পার্বতী অংশের শুটিং করেছি। ঈদের আগে এর শুটিং করেছি।”
কৌশিক আরও বলেন, “এটি হবে দীর্ঘ ধারাবাহিক। তবে অবশ্যই শত পর্বের বেশি হবে না। গল্পটি সেভাবেই সাজানো হয়েছে। এর বেশি করতে গেলে আমিও আগ্রহ হারিয়ে ফেলব। আমি কখনও দীর্ঘ ধারাবাহিকের নামে দর্শকদের বিরক্তির কারণ হতে চাই না। তাই দর্শকদের আগ্রহ থাকতে থাকতে এটি শেষ করব। আপাতত নাটকটির ২৬ পর্বের কাজ শেষ হয়েছে।”
তিনি জানিয়েছেন, ২২ অগাস্ট বৃহস্পতিবার থেকে সম্প্রচার শুরু হচ্ছে।
এদিকে এনটিভি সূত্রে জানা গেছে, নতুন এই ধারাবাহিকটি প্রতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে প্রচারিত হবে।
