নিপুণ হচ্ছেন ‘একাত্তরের মা জননী’
আনিসুল হকের উপন্যাস থেকে শাহ আলম কিরণের সিনেমা ‘একাত্তরের মা জননী’র নাম ভূমিকায় অভিনয় করছেন নিপুণ। এ বছরের সরকারি অনুদান পাওয়া সিনেমাটির শুটিং হচ্ছে ১৬ অগাস্ট শুক্রবার।
তবে সিনেমাটির অন্যান্য অভিনয় শিল্পীদের বিষয়ে মুখ খুলছেন না কিরণ।
এ বিষয়ে গ্লিটজকে কিরণ বলেন, “এটি আমার স্বপ্নের সিনেমা। এখানে থাকছে নানা ধরনের চমক। সেই চমক দিতে এখনই অন্য অভিনয় শিল্পীর নাম বলতে চাই না। শুক্রবার এগারটায় এর শুটিং শুরু হচ্ছে বিএফডিসির তিন নম্বর ফ্লোরে। সে সময় এলেই সব জানা যাবে।”
কিরণ আরও বলেন, “ গল্পের প্রয়োজনেই প্রধান চরিত্রে নিপুণকে নির্বাচিত করা হয়েছে। তার সঙ্গে আগেও কাজ করেছি। আমার বিশ্বাস এই চরিত্রে নিপুণ খুবই ভালো করবেন।”
এদিকে নিপুণ বলেন, “আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি শাহ আলম কিরণের ‘সাজঘর’ সিনেমায় অভিনয় করে। কিরণ ভাইয়ের মতো পরিচালকের মুক্তিযুদ্ধের সিনেমায় কাজ করার সুযোগ পেয়ে আমি রীতিমতো আনন্দে ভাসছি। আমার বিশ্বাস, যোগ্যতা দিয়ে আমি এই চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব এবং যে বিশ্বাস নিয়ে পরিচালক আমাকে এমন একটি সুযোগ দিয়েছেন, আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখতে শতভাগ চেষ্টা করব।”
