২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু স্ত্রী নন, অভিনেত্রীও

অভিনেতার স্ত্রী হিসেবে স্বামী বেন অ্যাফ্লেককে যথেষ্ট সমর্থন করলেও নিজস্ব পরিচয় ঠিক রাখার জন্য স্বামীর সঙ্গে হলিউডের সব পার্টিতে অংশ নেন না জেনিফার গারনার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 06:02 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

অ্যালিউর ম্যাগাজিনের সেপ্টেম্বর সংখ্যার প্রচ্ছদকন্যা জেনিফারের ভাষ্য, স্বামী বেন অ্যাফ্লেকের সঙ্গে হলিউডের বিশেষ কিছু পার্টিতেই অংশ নেন তিনি। কারণ তিনি চান না সবাই তাকে শুধুমাত্র বেন অ্যাফ্লেকের স্ত্রী হিসেবেই মনে রাখুক।

জেনিফার বলেন, “এটি এমন একটি সিদ্ধান্ত, যা খুব সচেতনতার সঙ্গে নেওয়া হয়। মাঝে মাঝে আমি একা পার্টিতে যাই। আমার জুতোর হিল এত উঁচু থাকে যে মনে হয় বেন যদি পাশে থাকত আমি ওর হাত ধরে রাখতে পারতাম। সঙ্গী হিসেবে বেন খুবই চমৎকার। কিন্তু এর জন্য অনেক সময় খেসারত দিতে হয়, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। বেশিরভাগ সময় তারা নিজেদের পরিচয় হারিয়ে ফেলে আর স্বামীর পরিচয় নিয়েই থাকে।”

আরও একটি বিষয় এড়িয়ে চলেন জেনিফার, তা হল তার স্বামীর সঙ্গে একই সিনেমায় অভিনয় করা। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

২০০৩ সালে ‘ডেয়ারডেভিল’ সিনেমার সেটে তাদের প্রথম পরিচয় হয়েছিল। কিন্তু স্বামীর সঙ্গে একই সিনেমায় অভিনয় করতে চান না জেনিফার। তিনি বলেন, “বাস্তবজীবনের কোনো জুটিকে আপনি কখনও বড়পর্দায় দেখতে চাইবেন না। সাংবাদিকদের তোলা ছবিতে দর্শক হরহামেশাই আমাদের দেখে, আমাদের একসঙ্গে নতুন করে দেখার কিছুই নেই।”

২০১৩ সালের অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কারপ্রাপ্ত ‘আরগো’ সিনেমার অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে জেনিফারের রয়েছে তিন সন্তান। ৭ বছর বয়সী ভায়োলেট, ৪ বছরের সেরাফিনা এবং ১৭ মাস বয়সী পুত্র স্যামুয়েল।