তারেক-মিশুককে নিয়ে স্মরণ সভা
প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও মিশুক মুনীরকে শ্রদ্ধা জানিয়ে ১৮ অগাস্ট কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শতকত ওসমান মিলনায়তনে স্মরণসভার আয়োজন করেছে তারেক-মিশুক স্মৃতি পরিষদ। এতে আলোচনা অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী এবং সড়ক দুর্ঘটনা নিয়ে প্রমাণ্য চিত্র প্রদর্শিত হবে।
এ বিষয়ে তারেক মাসুদের দীর্ঘদিনের সহকর্মী ও নির্মাতা প্রসূন রহমান গ্লিটজকে বলেন, “তারেক মাসুদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার সমাধিস্থল ফরিদপুরের ভাঙ্গায় মিলাদ মাহফিল হয়েছে। ওই দিন আমরা ঢাকায় কোনো অনুষ্ঠান করিনি। তবে তারেক-মিশুক স্মৃতি পরিষদের ব্যানারে স্মরণ সভা করছি ১৮ অগাস্ট।”
তিনি জানিয়েছেন, অনুষ্ঠান শুরু হবে বিকাল তিনটায়। শুরুতেই তারেক মাসুদ নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নরসুন্দর’ দেখানো হবে। এরপর তারেক মাসুদকে নিয়ে ৪০ মিনিট ব্যাপ্তির প্রামাণ্যচিত্র ‘ফেরা’ প্রদর্শিত হবে। এটি তৈরি করেছেন প্রসূন রহমান।
প্রসূন আরও বলেন, “সড়ক নিরাপত্তা নিয়ে সন্দীপ বিশ্বাস নির্মিত প্রমাণ্যচিত্র ‘আবিরের ঘর’ এবং মঞ্জুরুল হক পরিচালিত সড়ক দুর্ঘটনা নিয়ে প্রমাণ্যচিত্র ‘মৃত্যু ফাঁদ’ প্রদর্শিত হবে। পাঁচটায় শুরু হবে স্মরণ সভা। এতে তারেক মাসুদের সহযোদ্ধা, সহকর্মীসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা বক্তব্য রাখবেন। আলোচনা শেষে দেখানো হবে তারেক মাসুদের চলচ্চিত্র ‘রানওয়ে’।”
এই স্মরণসভা সকলের জন্য উন্মুক্ত থাকবে।
