২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার সালমান-ঐশ্বরিয়া

উত্তরাখণ্ডের বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহে একটি বিশেষ উদ্যোগ নিয়েছেন বলিউডি মহারথীরা। আর সেই উপলক্ষে আয়োজিত ‘সাথ হ্যায় হাম উত্তরাখণ্ড’ শোতে দীর্ঘদিন পর একসঙ্গে দেখ যাবে বলিউডি অভিনেতা সালমান খান এবং সাবেক বিশ্বসুন্দরী এবং অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 03:55 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

কিছুদিন আগেই মুম্বাইয়ে বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে দীর্ঘদিনের শত্রুতার অবসান ঘটিয়ে অভিনেতা শাহরুখ খানকে জড়িয়ে ধরেছিলেন সালমান। এবার তিনি মুখোমুখি হবেন নিজের সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া রাই বচ্চনেরও। ভক্তদের আশা, পুরনো তিক্ততা ভুলে নতুন করে বন্ধুত্বের সূচনা করবেন ওই দুই অভিনয়শিল্পী।

তিন বছরের প্রণয় ২০০১ সালে বিচ্ছেদে রূপ নিলে দীর্ঘ ১২ বছর একে অপরের সামনে আসেননি সালমান-অ্যাশ। এমনকি নিজেদের সম্পর্কে বহুদিন পর্যন্ত মিডিয়াতে মুখ খোলার ব্যাপারেও অস্বীকৃতি জানিয়ে এসেছেন তারা।

ভারতীয় একটি প্রভাবশালী চ্যানেলে দেশটির স্বাধীনতা দিবসে প্রচারিত হবে ‘সাথ হ্যায় হাম উত্তরাখণ্ড’ অনুষ্ঠানটি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন, সালমান খান, ঐশ্বরিয়া রাই, লতা মুঙ্গেশকার, অজয় দেবগান, কাজল, অনিল কাপুর, এ. আর. রেহমান, বোমান ইরানি, শঙ্কর-এহসান-লয়, প্রীতম, প্রসুন জোশি, মুকেশ ভাট, আয়ুষ্মান খুরানাসহ আরও অনেকে।

ওয়ার্লির এনএসসিআই গ্রাউন্ডে আয়োজিত হচ্ছে ওই অনুষ্ঠান। এরই মধ্যে বেশ কয়েকজন সেলিব্রিটি তাদের প্রমোটির শুটিং শেষ করেছেন। শিগগিরি একই দিনে সালমান এবং ঐশ্বরিয়া তাদের অংশটির শুটিং করবেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।