২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেলিম আল দীন জন্মোৎসব

সেলিম আল দীনের জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের উৎসব হবে শিল্পকলায়।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2013, 05:32 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

প্রয়াত নাট্যগবেষক ও নাট্যকার সেলিম আল দীনের জন্মবার্ষিকী উপলক্ষে উৎসবের আয়োজন করেছে ঢাকার নাটকের দল স্বপ্নদল। সেলিম আল দীনের স্মৃতির প্রতি শ্রদ্ধানিবেদন করে নাট্যসংগঠনটি ১৭ ও ১৮ অগাস্ট, বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব-২০১৩’ উদযাপন করবে। উৎসবের স্লোগান- ‘আত্মশক্তির জিয়নপরশে কালঘুম নাশে, দ্বিধা হল লীন, নাট্যাচার্য সেলিম আল দীন’।

এ বিষয়ে জাহিদ রিপনকে আহ্বায়ক এবং ফজলে রাব্বী সুকর্ণকে সদস্য-সচিব করে জন্মোৎসব উদ্যাপন পরিষদ গঠন করা হয়েছে।

উৎসবের আহ্বায়ক জাহিদ রিপন গ্লিটজকে জানিয়েছেন, অনুষ্ঠানমালায় থাকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ, সেলিম আল দীনের জীবন-কর্ম-দর্শন নিয়ে আলোচনা, নাট্যাচার্যকে নিবেদিত সংগীত-কোরিওগ্রাফি উপস্থাপন, ‘নাট্যাচার্য সেলিম আল দীন : নবীন নাট্যকারের দৃষ্টিতে’ শীর্ষক সেমিনার, সেলিম আল দীনের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা ‘ফেস্টুনে লেখা স্মৃতি’ এবং  সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি ‘হরগজ’ প্রযোজনার মঞ্চায়ন।

সেলিম আল দীনের স্মৃতিকথা অবলম্বনে ‘ফেস্টুনে লেখা স্মৃতি’-র নাট্যরূপ দিয়েছেন জাহারাবী রিপন, নির্দেশনা উপদেষ্টা জাহিদ রিপন এবং নির্দেশনা দিয়েছেন সামাদ ভূঞা ও রওনক লাবণী। আর ‘হরগজ’ প্রযোজনার নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।