২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখের ঈদ

বয়স বেড়ে পৌঁছেছেন পঞ্চাশের কোঠায়, কিন্তু কমেনি ব্যস্ততা কিংবা জনপ্রিয়তা। বলিউডে যতই থাকুক আমির কিংবা সালমানের দাপট, ‘কিং খান’ শাহরুখের ব্যাপারটাই যেন অন্যরকম। আর ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ারের বিভিন্ন বিষয় নিয়ে পত্রিকাতে নিয়মিতই শিরোনাম হচ্ছেন তিনি। পরিবারে নতুন অতিথির আগমন, কাঁধে অস্ত্রোপচার আর এ বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’-- সব মিলিয়ে ইদানিং শাহরুখের ব্যস্ততা যেন একটু বেশিই।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2013, 04:34 PM

Updated : 13 Oct 2022, 02:55 PM

প্রথমেই আসা যাক, শাহরুখের নবজাত পুত্র আব্রামের প্রসঙ্গে। সারোগেট মায়ের গর্ভে জন্ম নেওয়া শাহরুখের পুত্র আব্রাম তার জন্মের আগেই পরিণত হয়েছে ভারতীয়দের মুখরোচক আলোচনার বিষয়বস্তুতে। দীর্ঘদিন গোপন থাকার পর অবশেষে পুত্রের জন্মের কয়েকদিন আগে ফাঁস হয়ে যায় শাহরুখের বাবা হওয়ার খবর। এরপর এই বিষয় নিয়ে নানা গুজব গুঞ্জন শুরু হলেও পেশাদারিত্বের সঙ্গে সব গুজবকে উড়িয়ে পুত্র আব্রামকে বরণ করে নেন শাহরুখ। তবে শাহরুখের এই পুত্র এখনও রয়েছে হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে; যে কারণে পুত্রকে কাছে থেকে দেখার সুযোগ এখনও মেলেনি শাহরুখের।

আব্রামকে স্বাগত জানানোর পর সম্প্রতি আবারও আলোচনায় আসেন শাহরুখ। জানা যায়,জরুরিভিত্তিতে কাঁধে অস্ত্রোপচার করতে লন্ডন যাচ্ছেন তিনি। নতুন সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’-এর একটি অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে কাঁধে তিনি এতই আঘাত পান, অস্ত্রোপচার হয়ে পড়ে বাধ্যতামূলক। অবশেষে অস্ত্রোপচারের পরপরই আবার কাজে নেমে পড়েন শাহরুখ। এরপর থেকে প্রতিদিন সকালে ব্যথা নিয়ে ঘুম থেকে উঠে নিরলসভাবে চালিয়ে গেছেন শুটিং এবং ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার প্রচারণা। 

একটি বিশেষ কারণে এ বছর বলিউডপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছেন শাহরুখ। আর সেটি হল তার নতুন সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’। দীপিকা পাড়–কোনের সঙ্গে শাহরুখের এই সিনেমাকে ধরা হচ্ছে ২০১৩ সালের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি। কমেডি ঘরানার কাহিনি, চমৎকার লোকেশন, হাল সময়ের হার্টথ্রব দীপিকা পাড়–কোন, চটুল গান-- কী নেই সিনেমাটিতে? সর্বোপরি রোহিত শেঠির পরিচালনা এবং শাহরুখের উপস্থিতি ৯০ কোটি রুপির বিশাল বাজেটের এই সিনেমায় যুক্ত করেছে বাড়তি আকর্ষণ। সব মিলিয়ে ঈদের উৎসবের আমেজ ধরে রাখতে দর্শকের জন্য এক মসলাদার বলিউডি বিনোদন  হবে ‘চেন্নাই এক্সপ্রেস’- একথা বলা যায় চোখ বুজেই।

পর্দায় বলিউডি সুন্দরীদের সঙ্গে শাহরুখের রোমান্সের ইতিহাস অনেক দীর্ঘ। কিন্তু যখন আসে পর্দা রসায়নের প্রসঙ্গ, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে শাহরুখের জুটিকে বর্তমানে সেরা বলা চলে। ‘ওম শান্তি ওম’-এর পর দীর্ঘ পাঁচবছর বিরতি শেষে ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে রূপালি পর্দার জনপ্রিয় জুটি শাহরুখ-দীপিকাকে। আর সিনেমাটির ট্রেইলার দেখে ইতিমধ্যেই বোঝা গেছে, ঈদ মৌসুমে এবার পর্দা কাঁপানোর কোনো সুযোগই হাতছাড়া করছেন না এই জুটি।

অগাস্টের ৯ তারিখ মুক্তির অপেক্ষায় থাকা ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার সংগীত এর মধ্যেই অর্জন করেছে ব্যাপক জনপ্রিয়তা। সিনেমার ড্যান্স নাম্বার ‘ওয়ান টু থ্রি ফোর’ এবং ‘লুঙ্গি ড্যান্স’ বর্তমানে রয়েছে জনপ্রিয়তার শীর্ষে। রজনীকান্তকে উৎসর্গ করে নির্মিত ‘লুঙ্গি ড্যান্স’ এ বছরের অন্যতম সেরা আইটেম গানের খেতাব এরই মধ্যে পেয়ে গেছে। আরও রয়েছে ‘ম্যায় কাশ্মীর তু কন্যাকুমারী’; আর রোমান্টিক গানের তালিকায় এখন শ্রোতাদের প্রথম পছন্দ ‘তিতলি’।

বলিউডে ২০১৩ সালের অন্যতম লাভজনক মাস হিসেবে ধরা হচ্ছে অগাস্টকে। এ বছর শুধুমাত্র অগাস্ট মাসেই মুক্তি পাবে বড় বাজেটের বেশ কয়েকটি সিনেমা। আর তাই এই মাসের প্রতিটি শুক্রবারই সিনেমা হলগুলো রয়েছে সব বড় ব্যানারের সিনেমার হাতে। শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’ দিয়ে শুরু, এরপর একে একে মুক্তি পাবে ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দুবারা’,‘সত্যগ্রহ’ এবং ‘মাদ্রাজ ক্যাফে’। ঐতিহ্য অনুযায়ী, ঈদকে সামনে রেখে বলিউডের থাকে বিশেষ আয়োজন। আর তাই এত সব বড় বাজেটের সিনেমার ভিড়ে অনেকদিন পর হালকা ধরনের রোমান্টিক কমেডি ‘চেন্নাই এক্সপ্রেস’ এই ঈদের ছুটিতে বেশ আনন্দের সঙ্গেই উপভোগ করবেন সিনেমাপ্রেমীরা-- এমনটাই ভাবছেন অনেকে।

এদিকে রমজান মাসের শুরুতে শাহরুখের পক্ষ থেকে বলিউড পেয়েছে আরও একটি খুশির খবর; অভিনেতা সালমান খানের সঙ্গে নিজের দীর্ঘদিনের শীতল সম্পর্ক মিটিয়ে নতুন করে তার বন্ধু বনেছেন তিনি। বলিউডের এই দুই খানের বন্ধুত্ব এবং শত্রুতা- দুটোই এখন টিনসেলে বহুল আলোচিত। রোজা শুরু হওয়ার কয়েকদিন পরে কংগ্রেস নেতা বাবা সিদ্দিকের আয়োজিত ইফতার পার্টিতে একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের বিবাদের ইতি টানেন এই দুই অভিনেতা।  

ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ারের পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও সচল রয়েছেন শাহরুখ। আইপিএল টিম কলকাতা নাইট রাইডারসের পর এবার কলকাতা ফুটবল টিম কেনার আগ্রহ প্রকাশ করে সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। ক্রিকেটের ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ’-এর মতো এবার ফুটবল প্রিমিয়ার লিগ আয়োজনের পরিকল্পনা শুরু হওয়ার পর কলকাতার দলটিকে কিনে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাহরুখ।

সব মিলিয়ে যদি হিসেব করা যায়, তবে এ বছর কেমন কাটবে শাহরুখের ঈদ? নবজাতক পুত্র এবং নতুন সিনেমার প্রত্যাশিত সাফল্য, শাহরুখ পরিবারের এবারের ঈদ আনন্দময় করার জন্য নিঃসন্দেহে এই দুটি কারণই যথেষ্ট। জীবনের ৪৭টি বসন্ত পেরিয়ে আরও একবার বাবা হওয়ার আনন্দ কম নয়। সেইসঙ্গে প্রতিনিয়ত বাড়ছে তার জনপ্রিয়তা এবং ব্যস্ততা। পরিবারে নতুন একজন সদস্য আসার ফলে কিছুটা তো পরিবর্তন হবেই, সেইসঙ্গে চলতে থাকবে ক্যারিয়ারের সাফল্য-ব্যর্থতা। শাহরুখ খান এবং তার পরিবারের এবারের ঈদ হয়ে উঠুক আনন্দময়-- এমনটাই কামনা সবার।