শিশুদের পাশে আফজাল
ঢাকার সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে উপহার বিতরণ করেন অভিনেতা আফজাল হোসেন।
অভিনেতা আফজাল হোসেন ৬ অগাস্ট ঢাকার সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন। টিভির জন্য নির্মিত ধারাবাহিক নাটক ‘ছোটকাকু’র নির্মাণ ও নাম ভূমিকায় অভিনয় করেছেন আফজাল হোসেন।
নাটকের প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্মের আয়োজনে চ্যানেল আই চত্বরে শিশুদের মধ্যে টিশার্ট, চিনি ও সেমাই তুলে দেওয়ার সময় আফজালের সঙ্গে আরও ছিলেন-- ছোটকাকুর লেখক ফরিদুর রেজা সাগর, সানাউল আরেফিন, সাংবাদিক রেজানূর রহমান এবং শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম।
পরে ঘোড়ার গাড়িতে করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আরও উপহার সামগ্রী সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে বিতরণ করা হয়।
ফরিদুর রেজা সাগরের কিশোর উপন্যাস ‘ছোটকাকু’ থেকে টিভির জন্য নির্মিত ধারাবাহিক নাটকটির নাট্যরূপ দিয়েছেন শেখ আবদুল হাকিম। নাটকের অভিনয় শিল্পীরা হলেন জহিরউদ্দিন পিয়ার, শামস্ সুমন, অর্ষা, সীমান্ত প্রমুখ। নাটকটি ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রচারিত হবে প্রতিদিন সন্ধ্যায় চ্যানেল আইয়ে।
