খলচরিত্রে বেকহাম
খলচরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন ডেভিড বেকহাম।
অবসরপ্রাপ্ত ফুটবলার ডেভিড বেকহামকে এবার রূপালি পর্দায় আমন্ত্রণ জানিয়েছেন ব্রিটিশ অভিনেতা কলিন ফার্থ। কন্টাক্টমিউজিকের খবর অনুযায়ী, নতুন সিনেমাতে ভিলেনের চরিত্রে অভিনয় করবেন বেকহাম।
‘দ্য সিক্রেট সার্ভিস’ নামের নতুন এই সিনেমাতে বেকহামের জন্য ইতিমধ্যেই একটি ভিলেনের চরিত্র লিখেছেন পরিচালক ম্যাথিও ভন।
দ্য সান পত্রিকা এক সূত্রের বরাতে জানিয়েছে, বেকহামকে সম্প্রতি কলিন ফার্থ সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন কিন্তু বেকহাম কাজটি করবেন কি না, তা এখনও নিশ্চিতভাবে জানাননি। তিনি সিনেমা ভালোবাসেন এবং বিজ্ঞাপনে কাজ করতে পছন্দ করেন। তবে এই সবকিছুই মাঝে মধ্যে করেন তিনি, কোনো পূর্ণাঙ্গ ক্যারিয়ার হিসেবে নয়।
স্পাই থ্রিলার ধাঁচের সিনেমা ‘দ্য সিক্রেট সার্ভিস’ নির্মিত হবে লেখক মার্ক মিলার এবং ডেভ গিবনসের গ্রাফিক উপন্যাস অবলম্বনে। সিনেমাটিতে সুপার এজেন্টের ভূমিকায় কলিন ফার্থের সঙ্গে থাকবেন স্যার মাইকেল কেইন। তারা স্যামুয়েল এল জ্যাকসনের নিয়ন্ত্রিত একটি অপরাধী দলের সঙ্গে লড়াই করবেন। বেকহামের মতো অতিথি চরিত্রে আরও থাকবেন স্যার এলটন জন।
বেকহামের অভিনয়ের ব্যাপারে উৎসাহ দেন তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহাম। তিনি বলেন, “আমার মনে হয় বেকহাম খুব ভালো অভিনয় করতে পারবেন। তিনি খুব ভালো জেমস বন্ড হতে পারবেন।”
