অস্কারে কমেডির কদর নেই
স্যানড্রা বুলক মনে করেন একাডেমি অ্যাওয়ার্ডসে কমেডি সিনেমা গুরুত্বহীন।
অস্কারজয়ী হলিউডি অভিনেত্রী স্যানড্রা বুলক মনে করেন একাডেমি অ্যাওয়ার্ডসে কমেডি সিনেমাকে একদমই গুরুত্ব দেওয়া হয় না। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
নতুন সিনেমা ‘দ্য হিট’-এর রেড কার্পেটে অংশ নিয়ে যুক্তরাজ্যের ডেইলি স্টারকে এই অভিনেত্রী সম্প্রতি বলেন, “যখন অস্কারের কথা আসে, তখন বলতে হয় কমেডি সিনেমার কোনো কদর নেই অস্কারে। একদমই না। কিন্তু কমেডি সিনেমায় আপনি কখনও অ্যাওয়ার্ড কিংবা প্রশংসা পাওয়ার জন্য অভিনয় করেন না। কমেডি সিনেমায় আপনি অভিনয় করেন আনন্দ পাওয়ার জন্য।”
৪৯ বছর বয়সী স্যানড্রা বুলক এর আগে ‘মিস কনজেনিয়ালিটি’, ‘টুয়েন্টিএইট ডেইজ’,‘ডিভাইন সিক্রেট অফ দ্য ইয়া ইয়া সিস্টারহুড’, ‘দ্য থিং কলড লাভ’ এবং ‘লাভ পোশন নাম্বার নাইন’-এর মতো বেশ কয়েকটি কমেডি সিনেমায় অভিনয় করেছেন।
২০১০ সালে তিনি তার অভিনীত সিনেমা ‘দ্য ব্লাইন্ড সাইড’-এর জন্য অস্কার পেয়েছিলেন।
