আবার মা হবেন মেগান
দ্বিতীয়বারের মতো সন্তান জন্ম দেবেন হলিউডি অভিনেত্রী মেগান ফক্স। খবর আইএমডিবির।
গসিপ ওয়েবসাইট পেজ সিক্সকে মেগ্যানের প্রতিনিধি সম্প্রতি বলেন, “আমি নিশ্চিত করে বলতে পারি মেগান তার স্বামী ব্রায়ানের সঙ্গে দ্বিতীয়বারের মতো সন্তান জন্ম দিতে যাচ্ছেন। তারা দুজনেই খুব খুশি।”
মেগান এবং ব্রায়ানের প্রথম সন্তান নোয়াহ শ্যাননের জন্ম হয় ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর। এরপর ২০১৩ সালের মার্চে মেগান মেরি ক্লেয়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে আরও একবার মা হওয়ার ইচ্ছা ব্যক্ত করেছিলেন।
ম্যাগাজিনটিকে মেগ্যান বলেন, “আমি সারাজীবন একজন মা হতে চেয়েছিলাম, শেষ পর্যন্ত আমি হতে পেরেছি। আমি নোয়াহকে আমার পক্ষ থেকে সবকিছু দিতে চাই। আমি আরও সন্তান নিতে চাই। এটাই আমার ইচ্ছা।”
ব্রায়ানের সঙ্গে ২০০৪ সাল থেকে প্রেম করা শুরু করেন মেগান, ২০১০ সালে তারা বিয়ে করেন। সাবেক প্রেমিকার সঙ্গে ব্রায়ানের রয়েছে ১১ বছর বয়সী একটি পুত্র।
