মাইলিকে বোঝেন ব্রিটনি
পপতারকা মাইলি সাইরাস জানিয়েছেন সহশিল্পী ব্রিটনি স্পিয়ার্সই একমাত্র তাকে ভালোভাবে বুঝতে পারেন। খবর কন্টাক্টমিউজিকের।
২০ বছর বয়সী এই গায়িকা সম্প্রতি বলেন, শৈশব থেকে মিডিয়ার চোখের সামনে বড় হয়ে ওঠা কতখানি কঠিন, এটা একমাত্র ব্রিটনিই বুঝতে পারবেন। কারণ তার মতো ব্রিটনিও ছোটবেলা থেকে ডিজনির ‘মিকি মাউস ক্লাব’-এর মাধ্যমে ক্যারিয়ার গড়েছেন।
যুক্তরাজ্যের ‘হাফিংটন পোস্ট’কে মাইলি বলেন, “সবার জীবনেই এমন কিছু সময় আসে যখন কেউ চান না প্রতিদিন সাংবাদিকরা তার ছবি তুলুক। ব্রিটনি তার জীবনে কখনোই এমন সময় কাটাতে পারেননি, যখন তিনি সবাইকে বলতে পারবেন, ‘আমি একটু একা থাকতে চাই।’ আমিও এমন কোনো সুযোগ পাইনি। আর তাই এমন একজন মানুষ পাশে থাকলে ভাল লাগে যিনি আমার ব্যাপারটি বুঝতে পারেন।”
বাগদত্ত লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের কারণে কয়েক মাস ধরে লাগাতার মিডিয়ার কাছে প্রশ্নবিদ্ধ হয়েছেন মাইলি। এদিকে ব্রিটনি স্পিয়ার্স দুইবার বিয়ে করেছেন এবং তার সর্বশেষ বাগদত্তের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছেন।
