২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাহমিদার ইচ্ছে হয়

ফাহমিদা নবীর একক অ্যালবাম ‘ইচ্ছে হয়’-এর মোড়ক খুললেন চিত্রশিল্পী শাহাবুদ্দিন।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 03:55 PM

Updated : 23 Aug 2022, 06:38 PM

প্রকাশিত হল ফাহমিদা নবীর একক অ্যালবাম ‘ইচ্ছে হয়’। লেজার ভিশনের ব্যানারে জুলফিকার রাসেলের লেখা এবং সহোদর নকিব খান ও পিলু খানের সুর করা ৮টি গান নিয়ে অ্যালবামটির মোড়ক উন্মোচন হয়েছে ৩০ জুলাই রাজধানীর একটি রেস্টুরেন্টে।

অ্যালবামটির মোড়ক উন্মোচন করেছেন চিত্রশিল্পী শাহাবুদ্দিন, গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, কবি ও গীতিকার নাসির আহমেদ, লেজার ভিশনের চেয়ারম্যান এ.কে.এম আরিফুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, নির্মাতা আনজাম মাসুদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসান আবিদুর রেজা জুয়েল।

অ্যালবাম প্রসঙ্গে শিল্পী ফাহমিদা নবী বলেন, “আমি অনেক যত্ন করে অ্যালবামটিতে গান গেয়েছি, চেষ্টা করেছি শ্রোতাদের ভালো কিছু উপহার দিতে। সব ধরনের শ্রোতাকে গানগুলো মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস।”

ফাহমিদা আরও বলেন, “এই অ্যালবামের গান সবই একবারে রেকর্ড করা হয়েছে। পাঁচ মিনিটের গান পাঁচ মিনিটেই রেকর্ড করা হয়েছে। এতে কোনো ধরনের কারেকশন করা হয়নি। ভিন্ন ফ্লেভার আনতেই এটা করেছি।”

অ্যালবামটির গানগুলো হল-- ‘তোমার বুঝতে অনেক দেরি হল’, ‘মন ভালো নেই বলে’, ‘আদর করে কোনটা বলো’, ‘হয়তো আর যদি’, ‘ইচ্ছে হয়’।

অনুষ্ঠান শেষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক বেলাল মোহাম্মদ স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।