রবীন্দ্রনাথ, উপমা এবং আমি
রবীন্দ্রনাথের জীবনের ঘটনা নিয়ে ‘রবীন্দ্রনাথ, উপমা এবং আমি’ নাটকের শুটিং হয়েছে পতিসরে
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত পতিসরে কবির যাপিত জীবন নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘রবীন্দ্রনাথ, উপমা এবং আমি’। নূরুদ্দিন জাহাঙ্গীর রচিত নাটকটি পরিচালনা করেছেন সেলিম রেজা সেন্টু।
নাটকটিতে অভিনয় করেছেন, আরমান পারভেজ মুরাদ, গোলাম ফরিদা ছন্দা প্রমুখ।
এ সম্পর্কে সেলিম রেজা সেন্টু বলেন, “রবীন্দ্রনাথ তাঁর জীবনের একটি উল্লেখযোগ্য সময় কাটান পতিসরে। তিনিই প্রথম কৃষি সমবায় ব্যাংক গড়ে তোলেন তাঁর নোবেল পুরস্কার থেকে প্রাপ্ত অর্থ দিয়ে। কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়নে সে সময় তা ছিল ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ। এসব চিত্র উঠে এসেছে এই নাটকে।”
তিনি আরও বলেন, “রবীন্দ্রনাথ, উপমা এবং আমি’ নাটকে মূলত রবীন্দ্রনাথের প্রতি মুগ্ধতা প্রকাশিত হয়েছে। নাটকটি পতিসরে শুটিং করা হয়েছে।”
রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে বাইশে শ্রাবণ (৬ আগস্ট) বিটিভিতে প্রচারিত হবে নাটকটি।
