তারকাবহুল অমিয়সুধা
১৪ কণ্ঠশিল্পীর গানের অ্যালবাম ‘অমিয়সুধা’ প্রকাশিত ।
১৪ জন কণ্ঠশিল্পীর গাওয়া মিক্সড গানের অ্যালবাম ‘অমিয়সুধা’ সম্প্রতি বাজারে এসেছে। তানভীর তারেকের সংগীতায়োজনে এই অ্যালবামে গান গেয়েছেন ভারতের সোমলতা আচার্য, বাংলাদেশের এলিটা, পড়শী, শহীদ, তৌসিফ, মালা, জুয়েল মোর্শেদ, লুৎফর হাসান, মানিক, তানভীর শাহিন, জামিল, ইরিন জামান, অপরাজিতা ও তানভীর তারেক।
অ্যালবামে ৪টি ডুয়েট গান ও ৯টি সলোগান রয়েছে। অ্যালবামের ৮টি গান লিখেছেন তানভীর তারেক, ২টি জাহিদ আকবর এবং ১টি ইশতিয়াক আহমেদ।
এতে থাকছে কৌতুক শিল্পী জামিলের কণ্ঠে আব্বাসউদ্দিনের গাওয়া গান ‘হাড়কালা করলাম রে’, তানভীর-সোমলতার ‘আকাশটাকে’, তানভীর-পড়শীর ‘মনের গভীর ছুঁয়ে’, এলিটা ও তানভীরের ‘কিছু সম্পর্ক’ শহীদের ‘জানি না’, মালার গাওয়া ফোক ফিউশন ‘ভ্রমরা’, তানভীর শাহিনের ‘সাথী রে’ প্রভৃতি।
অ্যালবামটির সঙ্গে আলাদা ১২ পৃষ্ঠার একটি বুকলেটও দেওয়া হচ্ছে যাতে গানের গল্প ও শিল্পী-সুরকারের কাজের অভিজ্ঞতার কথা থাকছে।
সেলিব্রিটি মিউজিকের প্রযোজনায় অ্যালবামটি পরিবেশনা করছে লেজার ভিশন, ফাহিম মিউজিক ও ইমপ্রেস অডিও। অনলাইনে অ্যালবামটি সারাদেশে বিপণন করছে রকমারি ডটকম।
‘অমিয়সুধা’ অ্যালবাম প্রসঙ্গে তানভীর তারেক বলেন, “এটা আমার সুরে ২৩তম মিক্সড অ্যালবাম। গত ২ বছর ধরে তৈরি করা গান এই অ্যালবামের মাধ্যমে প্রকাশ করছি। অনেক পরিশ্রমের এই অ্যালবামটি সব ধরনের শ্রোতার ভালো লাগবে বলে আশা করছি।”
