২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনতার কবলে পূজা ভাট

 সিনেমার শুটিং করতে গিয়ে উচ্ছৃঙ্খল জনতার কবলে পড়েছেন পূজা ভাট।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 06:05 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

রাজস্থানের উদয়পুরে শুটিং করতে গিয়ে মঙ্গলবার উচ্ছৃক্সখল জনতার ভাঙচুরের কবলে পড়েন নির্মাতা পূজা ভাট। পরবর্তীতে স্থানীয়রা তার শুটিং সেট ভেঙে দেয়। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

রাজস্থানের জয়পুর থেকে ৪০০ কিলোমিটার দূরে উদয়পুরে পূজা ভাট যে সিনেমার শুটিং করছিলেন তার নাম ‘ব্যাড’। পুলিশ জানায়, মঙ্গলবার ২৩ জুলাই পূজা রাজস্থানের উদয়পুর শহরের কেন্দ্রীয় কারাগারের পাশে শুটিং করছিলেন। তখন কিছু লোক তার শুটিং সেট ভেঙে দিতে চেষ্টা করে।

পূজা অভিযোগ করেন, দাঙ্গাকারীরা তার শুটিং সেট ভেঙে দেওয়ার পাশাপাশি তার সম্পদের ক্ষতি করার চেষ্টা করেছিল। পূজা জানান, ওখানে কর্মরত একজন পুলিশ অফিসার ঘটনার তিন দিন আগে তার সঙ্গে এবং কলাকুশলীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

ঘটনার পরে পূজা টুইটারে লেখেন, “প্রায় ৫০-৭৫ জন হঠাৎ করে উদয়পুর কেন্দ্রীয় কারাগারের সামনে এসে হাজির হয় এবং আমার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। তারা শুটিং বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।”

মূলত সেই পুলিশ অফিসারের সঙ্গে কথা কাটাকাটির সূত্র ধরেই দাঙ্গার সৃষ্টি হয়। দাঙ্গাকারীরা পুলিশ অফিসারের পক্ষ নিয়ে দাঙ্গার সৃষ্টি করেছিল।

এরপর পূজা সেই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজস্থানের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লেখেন।