২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরে আসায় বিশ্বাসী নন ঐশ্বরিয়া

কাজ থেকে দূরে থাকলেও ‘বিরতি’ নেননি ঐশ্বরিয়া।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 05:33 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

বলিউডি অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বলেছেন, মা হওয়ার কারণে কাজ থেকে দূরে থাকলেও আক্ষরিক অর্থে ‘বিরতি’ নেননি তিনি। আর তাই ‘কাম ব্যাক’-এর প্রশ্নই ওঠে না। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

কন্যা আরাধিয়াকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঐশ্বরিয়া রাই। কিন্তু তিনি মনে করেন কিছুদিনের জন্য বলিউড থেকে দূরে ছিলেন তিনি, তবে কোনো বিরতিতে যাননি।

ঐশ্বরিয়া বলেন, “আমি ফিরে আসা শব্দটিতে বিশ্বাস করি না। আমি বলিউড থেকে বিদায় কবে নিয়েছিলাম, যে আমার ফিরে আসতে হবে? আমি সবসময়ই এখানে ছিলাম, আর তাই আমার কাজ শুরু করার বিষয়টিকে ‘কাম ব্যাক’ বলার কোনো অর্থ নেই। হ্যাঁ, এটা সত্যি যে আমি আমার মেয়ের সঙ্গে বেশ কিছুদিন সময় কাটিয়েছি এবং আমি তা উপভোগ করেছি।”

এদিকে নির্মাতা কারান জোহর এবং সঞ্জয় লীলা বনসালির সিনেমায় কাজ করবেন ঐশ্বরিয়া, এমনটি শোনা গেলেও এ ব্যাপারে এখনই কিছু বলতে চান না তিনি। ঐশ্বরিয়া বলেন, “এত তাড়াতাড়ি কিছুই বলা সম্ভব নয়। কোনোকিছু এখনও চূড়ান্ত হয়নি।”