শাওনের সঞ্চালনায় হুমায়ূন স্মরণ
মেহের আফরোজ শাওনের সঞ্চালনায় হুমায়ূন আহমেদকে নিয়ে অনুষ্ঠান ‘হুমায়ূন আহমেদের হাতে কয়েকটি নীলপদ্ম’।
মেহের আফরোজ শাওনের সঞ্চালনায় প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে নির্মিত হয়েছে অনুষ্ঠান ‘হুমায়ূন আহমেদের হাতে কয়েকটি নীলপদ্ম’। এতে এই সাহিত্যিককে নিয়ে স্মৃতিচারণ করেছেন আলী যাকের, আসাদুজ্জামান নূর, সারা যাকের, তারিক আনাম খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, ফেরদৌস, তানিয়া ও এসআই টুটুল।
শামীম শাহেদের পরিকল্পনা ও তারেক আখন্দের প্রযোজনায় অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে ‘হুমায়ূন আহমেদের হাতে কয়েকটি নীলপদ্ম’। হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন এমন অভিনয়শিল্পীরা হুমায়ূন আহমেদ সম্পর্কে বিশেষ স্মৃতিচারণ করেছেন এই অনুষ্ঠানে।
মেহের আফরোজ শাওন বলেন, “ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠান থেকে দর্শকরা অনেক অজানা তথ্য জানতে পারবেন। আশা করি, দর্শকের ভালো লাগবে।”
প্রযোজনা সুত্রে জানা গেছে, তিনটি পর্বে অনুষ্ঠানটি প্রচারিত হবে। প্রথম পর্বে অংশগ্রহণ করেছেন আলী যাকের, তারিক আনাম খান ও আসাদুজ্জামান নূর। দ্বিতীয় পর্বে চিত্রনায়ক ফেরদৌস, তানিয়া ও এসআই টুটুল। তৃতীয় পর্বে স্মৃতিচারণ করবেন সারা যাকের ও জয়ন্ত চট্টোপাধ্যায়।
ঈদের দিন, ঈদের ৩য় দিন ও ৫ম দিন রাত ৯টা ৪০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে তিনটি পর্ব।
