বক্স অফিসের সাফল্যই সব নয়
বক্স অফিসে ভালো ব্যবসা করা একটি সিনেমার চূড়ান্ত সাফল্য নয় বলে মনে করেন রণবীর সিং।
বলিউডি অভিনেতা রণবীর সিং মনে করেন, বক্স অফিসে ব্যবসা করাই সিনেমার মূল সাফল্য নয়। বরং সিনেমার সঙ্গে জড়িত স্মৃতিগুলোই বেশি গুরুত্বপূর্ণ। রণবীর অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত বিক্রমাদিত্য মতওয়ানি পরিচালিত ‘লুটেরা’ সিনেমাটি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করলেও সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
সিনেমাটির সাফল্য উপলক্ষ্যে আয়োজিত পার্টিতে রণবীর সাংবাদিকদের বলেন, “আমি মনে করি অভিনেতার জন্য সিনেমার স্মৃতিগুলোই বেশি মূল্যবান। সিনেমা কত টাকা আয় করল তা নয়।”
রণবীর আরও বলেন, “সিনেমাটি যারা দেখছেন তাদের কাছে ভালো লেগেছে কি না সেটি বেশি গুরুত্বপূর্ণ। টিনসেলে এমন অনেক সিনেমা রয়েছে যেগুলোর নাম আছে ১০০ কোটির সিনেমার তালিকায়। অথচ দর্শকদের অনেকেই সিনেমাটি দেখে নেতিবাচক মন্তব্য করেছেন। কিন্তু ‘লুটেরা’ সিনেমাটি যারাই দেখেছেন তারাই সিনেমাটির প্রশংসা করেছেন।”
তবে রণবীরের সঙ্গে একমত নন তার সহ-অভিনেত্রী সোনাক্ষি সিনহা। তিনি মনে করেন সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসে সাফল্য অর্জন করা জরুরি। তিনি বলেন, “আমি সত্যিই খুব ভাগ্যবান যে আমার ক্যারিয়ারের শুরুতেই আমি বক্স অফিসে সাফল্য পেয়েছি। অন্যদিকে ‘লুটেরা’ সিনেমার মধ্য দিয়ে সমালোচকদের প্রশংসাও অর্জন করেছি।”
