মাদক সেবনে কোরির মৃত্যু
অতিরিক্ত মাদক গ্রহণের কারণে মারা গেছেন কোরি মনটিথ।
টিভি অভিনেতা কোরি মনটিথ মারা গেছেন অতিরিক্ত হিরোইন এবং অ্যালকোহল গ্রহণের কারণে, জানিয়েছেন চিকিৎসক। খবর এনডিটিভির।
ব্রিটিশ কলম্বিয়ার করোনারের দপ্তর থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, কোরি মনটিথের মৃত্যুকে একটি দুর্ঘটনা ছাড়া আর কিছুই বলা সম্ভব নয়।
১৬ জুলাই বিকেলে পুলিশ জানিয়েছে, তারা ধারণা করছেন কেউ খোঁজ পাওয়ার কয়েক ঘণ্টা আগেই মৃত্যু হয়েছিল কোরির। তবে তারা আরও জানান, করোনারের দেওয়া প্রতিবেদনে এটি পরিষ্কার করে বলা হয়নি, কোরির শরীরে কতখানি হিরোইন পাওয়া গেছে।
এ বিষয়ে ভ্যাঙ্কুভার পুলিশ ডিপার্টমেন্টের মুখপাত্র ব্রায়ান মনটিগ বলেন, “আমাদের বিশ্বাস হিরোইন গ্রহণের সময় রুমে তিনি একা ছিলেন। ওই রুমে এমন কিছু পাওয়া গেছে, যা অতিরিক্ত মাদকগ্রহণের সঙ্গে সম্পর্কিত। তবে ওই রুমে আমরা কী পেয়েছি, তা জানানো সম্ভব নয়।”
পুলিশ আরও জানায়, এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে আসা করোনারের পক্ষে সম্ভব নয়।
১৩ বছর বয়স থেকে মারিজুয়ানা এবং অন্যান্য মাদকে আসক্ত হয়ে পড়েন কোরি। এর আগে বেশ কয়েকবার মাদকাসক্তির কারণে সমস্যার সম্মুখীন হয়েছিলেন ৩১ বছর বয়সে সদ্যপ্রয়াত ওই অভিনেতা।একবার তিনি ‘প্যারেড’ ম্যাগাজিনকে বলেছিলেন, তিনি বেঁচে আছেন এটা তার সৌভাগ্য।
