সম্মানিত হবেন ক্লুনি
ব্রিটানিয়া অ্যাওয়ার্ড পাবেন জর্জ ক্লুনি।
ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টের (বাফটা) লস এঞ্জেলেসভিত্তিক প্রতিষ্ঠান ঘোষণা করেছে যে, এ বছর স্টানলি কুবরিক ব্রিটানিয়া অ্যাওয়ার্ড পাবেন হলিউডি অভিনেতা জর্জ ক্লুনি। চলচ্চিত্রে অসামান্য অবদান রাখায় এ সম্মানে ভূষিত হবেন তিনি। খবর জানিয়েছে আইএমডিবি।
পুরস্কারটি ক্লুনির হাতে তুলে দেওয়া হবে নভেম্বরের ৯ তারিখে ব্রিটানিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে।
এ বিষয়ে বাফটা লস এঞ্জেলেসের চেয়ারম্যান একটি বিবৃতিতে বলেছেন, “জর্জ ক্লুনি নিঃসন্দেহে আমাদের ইন্ডাস্ট্রির একজন আইকন। তিনি তার অভিনয়ের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের মন জয় করেছেন, আর বাফটা লস এঞ্জেলেস গর্বের সঙ্গে তার সৃজনশীলতাকে সম্মান জানাচ্ছে।”
ডিসেম্বরে মুক্তি পাবে ক্লুনির সিনেমা ‘দ্য মনুমেন্টস মেন’। এর আগে অগাস্ট মাসে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে ক্লুনির প্রযোজিত সিনেমা ‘অগাস্ট : অসেজ কাউন্টি’ এবং সেইসঙ্গে মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘গ্র্যাভিটি’।
বাফটা লস এঞ্জেলেসের স্টানলি কুবরিক ব্রিটানিয়া অ্যাওয়ার্ডের আগে পেয়েছেন টম ক্রুজ, ড্যানিয়েল ডে লুইস, রবার্ট ডি নিরো, ক্লিন্ট ইস্টউড,টম হ্যাঙ্কস, জর্জ লুকাস, শন পেন, স্টিভেন স্পিলবার্গ এবং ড্যানজেল ওয়াশিংটনের মতো তারকা।
