২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান অফ স্টিল দেখে কী পেলাম?

অতিমানব বা সুপারম্যানের প্রতি সাধারণ মানুষের আগ্রহ নতুন নয়। গ্রিক পুরাণের হারকিউলিস আর মহাভারতের ভীমসেন দুজন ডেমিগডই সর্বসাধারণের প্রিয় চরিত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শান্তা মারিয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 08:41 AM

Updated : 23 Aug 2022, 11:09 AM

মহান নাট্যকার শেক্সপিয়ার যখন বলেছিলেন, “It is a tale told by an idiot. full of sound and fury, signifying nothing,” তখন নিশ্চয়ই তিনি ম্যান অফ স্টিল সিনেমাটির কথা ভেবে বলেননি। কিন্তু হলে বসে সিনেমাটি দেখার পর মহাকবির ওই কথাটি দর্শকের মনে পড়তে বাধ্য। থ্রিডি প্রযুক্তি, দারুণ সব স্পেশাল ইফেক্ট, প্রচুর অর্থ ব্যয় এসবই আছে বটে ম্যান অফ স্টিল এ। কিন্তু সার্থক চলচ্চিত্রে শুধু প্রযুক্তি থাকলেই হয় না শিল্পের ন্যূনতম উপস্থিতির প্রয়োজন হয় যার বড়ই অভাব রয়েছে এতে। আরেকটি জিনিস নেই, যাকে বলে রিলিফ। কোনো শিল্পীর আঁকা ছবিতে যদি খুব বেশি সাবজেক্ট থাকে কোনো আই রিলিফ না থাকে, তাহলে শিল্প হিসেবে তা ব্যর্থ হয়। সিনেমাটিতেও শুরু থেকে শেষ পর্যন্ত টানা অ্যাকশন দৃশ্য। একের পর এক, দর্শকের শ্বাস নেওয়ার অবকাশটুকুও যেন নেই। ফলে রোলার কোস্টারে চড়ার মতোই অবস্থা হয়। একসময় মনে হতে থাকে থামলে ভালো লাগে।

অতিমানব বা সুপারম্যানের প্রতি সাধারণ মানুষের আগ্রহ নতুন নয়। গ্রিক পুরাণের হারকিউলিস আর মহাভারতের ভীমসেন দুজন ডেমিগডই সর্বসাধারণের প্রিয় চরিত্র। বিভিন্ন সংকটে তাদের অতিমানবীয় শারীরিক শক্তির প্রকাশ প্রকৃতপক্ষে প্রাকৃতিক শক্তির উপর মানুষের নিয়ন্ত্রণের ইচ্ছার এক ধরনের বহিঃপ্রকাশ। বিংশ শতকে ও একুশ শতকে পৌরাণিক বীরদের পরিবর্তে সুপারহিরোদের রাজত্ব। আগে যারা ছিল দেবতার সন্তান বা দেবতার আশীর্বাদধন্য, এখন তারা এলিয়েন বা বিজ্ঞানের কোনো আবিষ্কারের সুফল ভোগকারী।

তবে একটা কথা মনে রাখা প্রয়োজন সুপারম্যানরা সব যুগে সব কালেই ক্ষমতাধারী দেশ বা জাতির প্রতিনিধিত্বকারী শক্তি। গ্রিকসভ্যতার চূড়ান্ত উন্মেষের সময় ডেমিগড হারকিউলিস বা অতিমানবীয় বীর থিসিউসের জন্ম। তারা ছিলেন গ্রিক এবং গ্রিক শক্তির প্রতিনিধিত্ব করতেন। একইভাবে আর্যসভ্যতার বিকাশের সময় শাসকশক্তির প্রতীক ছিলেন ভীমসেন।

সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধের সময় আমেরিকার অধিকাংশ সুপারহিরোর জন্ম। সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যানসহ সব সুপারহিরোই অস্থি মজ্জায় মার্কিনি এবং শ্যামচাচার স্বার্থের ধারক-বাহক। এসব সুপারহিরোকে দেখে স্নায়ুদ্ধকালে যুক্তরাষ্ট্রের নাগরিকরা স্বস্তিবোধ করতেন এই ভেবে যে, এদের সহায়তায় যে কোনো বিদেশি শক্তির বিরুদ্ধে জয় পাওয়া যাবে।

এখন তো আর স্নায়ুযুদ্ধ নেই, তার জায়গায় রয়েছে কাল্পনিক ভিনগ্রহবাসীরা। এদের মোকাবিলার জন্য চাই সুপারহিরোদের। ম্যান অফ স্টিলের সুপারম্যানও পুরোপুরি মার্কিন স্বার্থবাহী। সিনেমার শেষে মার্কিন জেনারেল যখন প্রশ্ন করেন তুমি কখনও যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী কাজ করবে না তো? তখন নায়ক উত্তর দিচ্ছেন, আমি কানসাসে বড় হয়েছি। আমি কীভাবে এই দেশের বিরুদ্ধে যেতে পারি। লক্ষণীয় যে এলিয়েনদের পৃথিবী দখলের প্রচেষ্টা বানচাল করে দেয় সুপারম্যান, যে নিজেও একজন এলিয়েন। তার প্রতি প্রশ্ন হতে পারতো, তুমি কখনও পৃথিবীর স্বার্থ বিরোধী কাজ করবে নাতো? উত্তরটিও হতে পারত অনুরূপ-- আমি পৃথিবীতে বড় হয়েছি, আমি কীভাবে এই গ্রহের বিরুদ্ধে যেতে পারি। তাহলে যুক্তরাষ্ট্র ছাড়া অন্য দেশের মানুষরাও কিছুটা স্বস্তি পেত।

সিনেমাটির কাহিনিতেও এদিক থেকে রয়েছে দারুণ অসংগতি। কাহিনিতে দেখা যায় ক্রিপটন গ্রহবাসী জেনারেল জাড পৃথিবী দখল করে তার পুরো পরিবেশ (বায়ুমণ্ডল থেকে মাধ্যাকর্ষণ পর্যন্ত) করে তুলতে চায় ক্রিপটন গ্রহবাসীদের উপযোগী। এর ফলে প্রতিটি পার্থিবের জীবন হুমকির মুখে পড়ে। তাদের ধ্বংস যজ্ঞ নাকি চলে পৃথিবী জুড়েই। অথচ সিনেমায় শুধু দেখানো হয় যুক্তরাষ্ট্রের দৃশ্য। একবার মাত্র ভারত মহাসাগরের উল্লেখে পানিতে একটি জাল ফেলার দৃশ্য। পৃথিবীর অন্য কোনো দেশের বা কোনো শহরের দৃশ্য নয়। শুধু একটি শহরের একটি এলাকার ধ্বংসের দৃশ্যই ঘুরে ফিরে আসে। পৃথিবীর সব ভাষায় সব জাতির মানুষের প্রতি নাকি হুমকি দিচ্ছে ভিনগ্রহীরা। কিন্তু শোনা যায় শুধু ইংরেজি, চিনা, স্প্যানিস আর ইতালীয় ভাষার কথা, দেখা যায় মার্কিনিদের আর চিনাদের। আরবি, রুশ, হিন্দি, ফরাসি, বাংলা পৃথিবীর প্রধান ভাষা ও জাতিগুলোর কোনো চিহ্নই নেই। তার চেয়েও বড় অসংগতি হল, যুদ্ধ শুরু হচ্ছে পুরো পৃথিবীর বিরুদ্ধে। পৃথিবীর এহেন বিপদে জাতিসংঘ, অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান, নেতা, মানুষ কারও কোনো মাথাব্যথা নেই, তাদের কোনো চিহ্নও নেই, এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টেরও কোনো দেখা নেই। একজন মাত্র মার্কিন জেনারেল তার বাহিনি নিয়ে পৃথিবী বাঁচাচ্ছেন!

ডেভিড এস গয়ার ও ক্রিস্টোফার নোলানের গল্প আর ডেভিড গয়ারের চিত্রনাট্যে কারও চরিত্রই তেমনভাবে দাঁড়ায়নি। সুপারম্যান হেনরি ক্যাভিল যথেষ্ট সুদর্শন ও সুদেহী। তবে অভিনয়ের তেমন কোনো সুযোগ তিনি পাননি। একই কথা প্রযোজ্য নায়িকা অ্যামি অ্যাডামসের বেলায়। অভিনয়ক্ষমতা দেখানোর সুযোগ পাননি পালক বাবার ভূমিকায় কেভিন কস্টনারের মতো ঝানু অভিনেতাও। সুপারম্যানের প্রকৃত বাবার চরিত্রে রাসেল ক্রো স্বস্তিকর। জেনারেল জাড মাইকেল শ্যাননের অভিনয় একমাত্র উপভোগ্য। সংলাপ শুনে আশির দশকের হিন্দি-বাংলা চলচ্চিত্রের কথা মনে পড়তে বাধ্য। ‘কী, তুই আমার বাবাকে মেরেছিস? ঢিসুম ঢিসুম’।

নায়কের সঙ্গে শত্রুতা হলে তার মা এবং প্রেমিকার উপর হামলা, আজকাল এই ফর্মুলা কেবল হাসিরই উদ্রেক করে।

সুপারম্যানের মূল স্রষ্টা জেরি সিগেলের কাহিনিতে যে হিউমার ছিল তা পুরোপুরি অনুপস্থিত ম্যান অফ স্টিলে।

কোনো শিশু বা কিশোর যখন নিজের ভেতর অতিমানবীয় ক্ষমতার দেখা পায়, তখন তার বিস্ময়, যন্ত্রণা, আনন্দ এবং পূর্ণবয়স্ক একজন অতিমানবের আনন্দ, বেদনা, প্রেম সব নিয়ে যে চলচ্চিত্রটি হতে পারত মানবিক, তা শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় নিছক প্রযুক্তির প্রদর্শনী।

আগের সুপারম্যানের পোশাকের কিছুটা বদল ঘটেছে এই সিনেমায়। সুপরিচিত লাল অন্তর্বাসটির দেখা পাওয়া যায়নি। তবে সেটা কোনো বড় বিষয় নয়। নতুনভাবে একটি গল্পকে বলার প্রচেষ্টা দোষের নয়। চলচ্চিত্রের প্রয়োজনে কাহিনিতে পরিবর্তন আনার অধিকারও নির্মাতার রয়েছে। কাহিনি নতুন হোক বা পুরনো তা খাপছাড়া না হলেই হল। সেদিক থেকে কাহিনিটিকে কিছুটা এলোমেলো মনে হয়েছে।

বক্স অফিসে প্রচুর আয় করলেও দর্শকচিত্তে কোনো স্থায়ী আসন গড়তে একেবারেই ব্যর্থ ম্যান অফ স্টিল। ৩৫০ টাকা খরচ করে ঢাকার যে দর্শকরা সিনেপ্লেক্সে থ্রিডি চলচ্চিত্রটি দেখলেন তারা কী পেলেন? তারা দেখলেন প্রবল শব্দময় অ্যাকশন দৃশ্যের অবিরাম উপস্থাপন, স্পেশাল ইফেক্টের মাত্রাতিরিক্ত ব্যবহার যাতে চোখ ধাঁধালেও মন ভরে না। আর পেলেন এই জ্ঞান যে, পৃথিবীকে বাঁচাতে একজন এলিয়েন কিন্তু মনেপ্রাণে মার্কিন নাগরিকই যথেষ্ট। সিনেমাটি দেখার পর মহাকবির সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে ইচ্ছা করে-- Full of sound and fury, signifying nothing.

পুরনো খবর:

‘ম্যান অফ স্টিল’: সুপারম্যানের ‘পুনর্জন্ম’