২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেলার বিয়েবিচ্ছেদ

নাইজেলা লসনের সঙ্গে নিজের বিবাহিত জীবনের ইতি ঘোষণা করলেন চার্লস সাচি।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 11:38 AM

Updated : 26 Jul 2022, 03:03 PM

অবশেষে ইতি ঘটছে টেলিভিশন শেফ নাইজেলা লসন এবং তার স্বামী চালর্স সাচির দশ বছরের সংসারের। জুন মাসে লন্ডনের এক রেস্তোরাঁয় ঝগড়ার জের ধরে স্ত্রীর গলা চেপে ধরার পর এবার সাংবাদিকদের এই তথ্য জানালেন শিল্পসংগ্রাহক চার্লস। খবর বিবিসির।

৭০ বছর বয়সী সাচি এ ব্যাপারে সানডে পিপলকে বলেন, “দুঃখের সঙ্গে ঘোষণা করছি যে, নাইজেলা এবং আমার বিয়েবিচ্ছেদ হতে চলেছে।”

চালর্স আরও বলেন, “আমার মনে হয়েছে, গত কয়েক বছর ধরেই নাইজেলার কাছে নিজেকে একজন ভালো স্বামী হিসেবে তুলে ধরতে পারিনি আমি। রেস্তোঁরার ওই ঘটনার পর নাইজেলাকে মানুষের সামনে আমার পক্ষে সাফাই গাইতেও বাধ্য করা হয়েছে। আমি নারীর প্রতি সহিংসতায় বিশ্বাসী নই, আমি তাকে কোনোদিনই শারীরিকভাবে আঘাত করিনি, আমার জন্য সবার সামনে ওকে এসবও বলতে হয়েছে । এসব কারণে আমি খুবই লজ্জিত।”

চলতি বছরের জুন মাসে লন্ডনের মেফেয়ার এলাকার এক রেস্তোরাঁয় কথা কাটাকাটির জের ধরে নাইজেলার গলা চেপে ধরেন ধনকুবের চার্লস। ঘটনার ছবি প্রকাশ হলে এটি নিয়ে শোরগোল পড়ে যায় ব্রিটেন জুড়ে। শুরুতে ঘটনাটিকে ‘খুনসুটি’ হিসেবে চালানোর চেষ্টা করলেও, আদালতে রাগের মাথায় নাইজেলাকে আঘাতের বিষয়টি স্বীকার করেন চার্লস।