২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্সরে যাচ্ছে নেকাব্বরের মহাপ্রয়াণ

সেন্সরে যাচ্ছে কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 08:21 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

নির্মাতা মাসুদ পথিক পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ আগামী সপ্তাহে সেন্সর বোর্ডে জমা পড়বে। কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি এখন তথ্যন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। সেখানে থেকে ছাড়পত্র পেলেই এটি সেন্সরে যাবে বলে জানিয়েছেন এর নির্মাতা।

এ বিষয়ে মাসুদ পথিক গ্লিটজকে বলেন, “এটি একটি মুক্তিযুদ্ধের কাহিনিভিত্তিক চলচ্চিত্র, যেখানে গ্রামীণ এক সহজ সরল পঙ্গু মুক্তিযোদ্ধার বঞ্চিত হওয়ার গল্প চিত্রায়িত হয়েছে।”

এতে দেখা যাবে, মুক্তিযুদ্ধ পূববর্তী সময়ে গ্রামের রাজনীতি এবং শহুরে রাজনীতি, প্রেম ও প্রতিবাদের কাহিনি ।

সরকারি অনুদান পাওয়া চলচ্চিত্র নেকাব্বরের মহাপ্রয়াণের প্রধান চরিত্রে অভিনয় করেছেন কবি নির্মলেন্দু গুণ, মামুনুর রশিদ, প্রবীর মিত্র, সিমলা, জুয়েল, বাদল শহিদ, অসীম সাহা, রানী সরকার, রেহানা জলি, তারেক মাহমুদ, শেখ শাহেদ, সৈয়দ জুবায়ের, ফারহানা সুচি, সোহেল বয়াতি ও পথশিশুদল।

চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন অসীম সাহা, প্রিন্স মাহমুদ, মুশফিক লিটু, বেলাল খান, প্রমুখ। কণ্ঠ দিয়েছেন মমতাজ, বারী সিদ্দিকী, প্র্রিয়াংকা গোপ ও বেলাল খান। গীত রচনায় ছিলেন নির্মলেন্দু গুণ, অসীম সাহা,  মাসুদ পথিক, সাইম রানা প্রমুখ। আবহ সংগীত পরিচালনা ও শব্দ সম্পাদনার কাজ করেছেন ড. সাইম রানা। আবহসংগীতের যন্ত্রানুসঙ্গ বাজিয়েছেন মুনিরুজ্জামান, আলমাস আলী, ইউসুফ খান, দৌলত প্রমুখ।

চলচ্চিত্রটি সম্পাদনা, ডাবিং, আবহসংগীত ও সংযোজনের কাজ শেষে এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।