পপির দুই টেলিফিল্ম
এবার ঈদে কোনো চলচ্চিত্র মুক্তি না পেলেও দুটি টেলিফিল্মে দেখা যাবে পপিকে
এবারের ঈদে চলচ্চিত্র অভিনেত্রী সাদিকা পারভীন পপিকে দেখা যাবে টেলিফিল্মে। তবে ঈদে তার অভিনীত কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না।
এ বিষয়ে পপি গ্লিটজকে বলেন, “আমার অভিনীত সর্বশেষ সিনেমা ‘গার্মেন্টস কন্যা’ ২০১১ সালের ৭ অক্টোবর মুক্তি পায়। এরপরে বেশ কয়েকটি কাজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা করা হয়নি। তবে বর্তমানে দুটি চলচ্চিত্রে অভিনয় করছি। জাকির খানের ‘চার অক্ষরের ভালোবাসা’ এবং নার্গিস আক্তারের ‘পৌষ মাসের প্রেম’। সিনেমাগুলোর কাজ চলছে।”
পপি আরও বলেন, “এর ফাঁকে অবশ্য টিভিপর্দার জন্য দুটি কাজ করেছি। দুটিই টেলিফিল্ম। ঈদে টেলিফিল্ম দুটি প্রচারিত হবে।”
“বি ইউ শুভ পরিচালিত ‘নবনীতা তোমার জন্য’ টেলিফিল্মটিতে আমার বিপরীতে অভিনয় করেছেন চলচ্চিত্রাভিনেতা আমিন খান। অন্য টেলিফিল্ম ‘আমি ভালোবাসি’তে কাজ করেছি চঞ্চল চৌধুরীর সঙ্গে। তবে এখন এর পরিচালকের নাম মনে করতে পারছি না।” বলেন পপি।
টিভিপর্দায় অভিনয় প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পপি বলেন, “আমি সবসময় দর্শকদের ভালোবাসা পেয়েছি। সেই দিক থেকে আমি মনে করি তাদের কাছে আমার দায়বদ্ধতা আছে। সেই বিষয়টি মাথায় রেখে ঈদে দর্শকদের বাড়তি কিছু বিনোদন দিতেই কাজ করলাম। তাছাড়া নতুনদের মধ্যে যারা টিভিপর্দায় কাজ করছেন তাদের কাজের মানও খুব ভালো। এক সময় তারাই দারুণ দারুণ সব সিনেমা উপহার দেবে।”
