থাকছেন না সালমান
ব্যস্ততার কারণে এবারের আইফা অ্যাওয়ার্ডস-এ যোগ দিচ্ছেন না সালমান খান।
সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকায় এবারের আইফা অ্যাওয়ার্ডসে যোগ দিতে পারবেন না বলিউডি অভিনেতা সালমান খান। খবর জি মিডিয়া ব্যুরোর।
‘দাবাং’খ্যাত ওই অভিনেতা বর্তমানে তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ‘মেন্টাল’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অসুস্থতা এবং ২০০২ সালের ‘হিট অ্যান্ড রান’ কেসের কারণে সিনেমাটির শুটিং পূর্বনির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে পড়েছে।
আইফা অ্যাওয়ার্ডসের বিষয়ে সালমান টুইট করেন, “আইফা অ্যাওয়ার্ডস সত্যিই অসাধারণ। তবে শুটিংয়ের জন্য এবার আমি সেখানে থাকতে পারব না।”
বর্তমানে সালমানের হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল সুরাজ ভারজাতিয়ার সিনেমা, বনি কাপুরের ‘নো এন্ট্রি মে এন্ট্রি’ এবং জ্যাকুলিন ফার্নান্ডেজের সঙ্গে ‘কিক’।
এ বছর অনুষ্ঠিতব্য ১৪তম আইফা অ্যাওয়ার্ডস উপস্থাপনা করবেন শাহরুখ খান, শাহিদ কাপুর, বিদ্যা বালান, কঙ্গনা রানাওয়াত, হুমা কুরেশি এবং জ্যাকুলিন ফার্নান্ডেজ।
