২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যাদুর্গতদের জন্য সঞ্জয়ের চ্যারিটি

‘পুলিশগিরি’ সিনেমার প্রিমিয়ারে একটি চ্যারিটি ইভেন্টের আয়োজন করে সে অর্থ বন্যাকবলিতদের দান করতে অনুরোধ করেছেন সঞ্জয় দত্ত।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 10:08 AM

Updated : 25 Apr 2022, 06:55 PM

বন্যাকবলিত মানুষের সহায়তায় সঞ্জয় দত্ত তার মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘পুলিশগিরি’-র প্রিমিয়ারের আয়োজন মুম্বাইয়ে একটি চ্যারিটি ইভেন্টের মাধ্যমে করার অনুরোধ জানিয়েছেন প্রযোজকদের কাছে। এর আগে সিনেমাটির প্রযোজক টিপি আগরওয়াল এবং রাহুল আগরওয়াল দুবাইয়ে সিনেমাটির প্রিমিয়ার আয়োজনের পরিকল্পনা করেছিলেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

এ বিষয়ে রাহুল বলেন, “সঞ্জয় মান্যতাকে একটি চিঠি লেখেন। চিঠিতে তিনি দেশে বা দেশের বাইরে সিনেমাটির প্রিমিয়ারের আয়োজন করে টাকা অপচয় না করার অনুরোধ করেন। তিনি মুম্বাইয়ে একটি চ্যারিটি ইভেন্টের আয়োজন করে সে থেকে অর্জিত অর্থ উত্তরাখণ্ডের বন্যাদুর্গতদের জন্য ব্যয় করার অনুরোধ করেন।”

টিপি বলেন, “সঞ্জয়ের কথাটি আমাদের মাথায় আছে। চ্যারিটি শোর পাশাপাশি মহারাষ্ট্রতে সিনেমাটির প্রথম দিনের প্রথম শো-এর থেকে আমরা প্রযোজকরা যে শেয়ার পাব সেটিও দান করব বন্যার্তদের জন্য।”

স্টার এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডওয়াইডের ব্যানারে নির্মিত সিনেমাটি ৫ জুলাই ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটিতে সঞ্জয়ের সঙ্গে আরও অভিনয় করেছেন প্রাচী দেশাই এবং প্রকাশ রাজ।