২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইডল ছাড়ছেন না বাচ্চু

বাংলাদেশি আইডল সেটে ফেরদৌসী রহমানের সঙ্গে বিবাদকে স্রেফ ‘মা-ছেলের মতভেদ’ বললেন বাচ্চু।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 11:50 AM

Updated : 25 Apr 2022, 06:55 PM

সিনিয়র শিল্পী ও সহ-বিচারক ফেরদৌসী রহমানের সঙ্গে অনুষ্ঠানের সেটে বিবাদ এবং তার সূত্র ধরে অনুষ্ঠান মঞ্চ ত্যাগ করেছিলেন আইয়ুব বাচ্চু। তবে বাংলাদেশি আইডলের বিচারক হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে নিশ্চিত করেছেন বাচ্চু।

২৮ জুন এসএ টিভির রিয়েলিটি শো বাংলাদেশি আইডলের প্রথম পর্ব সম্প্রচারের সময় দেখা যায় প্রতিভা বাছাইকে কেন্দ্র করে দুই বিচারক বিবাদে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে আইয়ুব বাচ্চু মঞ্চ ত্যাগ করেন।

ওই সম্প্রচারের সূত্র ধরে একাধিক মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে- আইয়ুব বাচ্চু বাংলাদেশি আইডল থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন।

বিচারকের আসনে ওই সময়ে আরও ছিলেন শিল্পী এন্ড্রু কিশোর ও মেহরিন।

এ বিষয়ে আইয়ুব বাচ্চু গ্লিটজকে বলেন, “মা-ছেলের একটু কথা কাটাকাটি হতেই পারে। এর জন্য বিচারকের আসন একেবারে ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না।”

বাচ্চু বলেন, “বাংলাদেশি আইডল বাছাইয়ে প্রত্যেক বিচারকই নিজেদের অবস্থান থেকে সিদ্ধান্ত জানাবেন। সবশেষে কিন্তু চারজন একমত হয়েই সিদ্ধান্ত নেবেন। এক্ষেত্রে একটু মতবিরোধ সৃষ্টি হতেই পারে।”

সংগীতপ্রতিভা বাছাইয়ের এই অনুষ্ঠানটি বাংলাদেশে নির্মাণ করছে প্রযোজনা সংস্থা ডেল্টা বে প্রডাকশন ডিস্ট্রিবিউশন প্রাইভেট লি.।