২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের নাটকে মুনমুন

ঈদের নাটক ‘কিংবা পূর্ণতার রোদ’ এ অভিনয় করেছেন রোমানা মালিক মুনমুন

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 07:54 AM

Updated : 25 Apr 2022, 06:55 PM

ঈদের নাটক ‘কিংবা পূর্ণতার রোদ’-এ অভিনয় করেছেন উপস্থাপক ও অভিনেত্রী রোমানা মালিক মুনমুন। সম্প্রতি তৈরি হয়েছে ভ্রূণহত্যাবিরোধী নাটক ‘কিংবা পূর্ণতার রোদ’। এতে আরও অভিনয় করেছেন তৌকির আহমেদ, দীপা খন্দকার, টুটুল প্রমুখ। চিত্রনাট্য লিখেছেন প্রাচ্য আবীর, পরিচালনা করছেন নূরউল্লাহ মোহাম্মদ, চিত্রগ্রহণ করছেন তৃষা সামীরা, প্রযোজনা করছেন একেএম শামসুদ্দোহা ও মোহাম্মদ শাহেদুল্লাহ।

দীর্ঘদিন পর নাটকে অভিনয় করা নিয়ে মুনমুন বলেন, “উপস্থাপনা নিয়েই ব্যস্ত থাকতে হয়। যেসব নাটকের স্ক্রিপ্ট পাই সেগুলো গতানুগতিক। তবে সপ্তাহ দুয়েক আগে যে কাজটি করেছি সেই স্ক্রিপ্ট একটি নির্দিষ্ট বিষয় নিয়ে লেখা। সহশিল্পী হিসেবে সিনিয়র আর্টিস্টদের পেয়েছি। সব মিলিয়ে দারুণ একটি কাজ করেছি আমরা।”

নাটকটির নির্বাহী প্রযোজক মাশুক মুরাদ বলেন, “জাতিসংঘের ২০১১-এর এক সমীক্ষায় দেখা গেছে, বছরে এশিয়ায় ১০ কোটি ১৭ লাখ কন্যাশিশুর ভ্রূণ হত্যা করা হয়। এ বিষয়ে সচেতনতা এ হত্যাকাণ্ড কমাতে পারে। এ পরিপ্রেক্ষিতে ১০ জুন থেকে তিনদিন ধরে শুটিং করা হয়েছে ‘ডিজি মোশন পিকচারর্স’ প্রযোজিত নাটকটি।”

তিনি আরও বলেন, “সচেতনতা তৈরি করাই আমাদের এই কাজের উদ্দেশ্য।”

এদিকে নাটকটি প্রসঙ্গে নির্মাতা নূরউল্লাহ মোহাম্মদ বলেন, “নাটকটির শুটিং শেষ করলেও এখনও সম্পাদনার কাজ চলছে। আমরা চ্যানেলের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছি। প্রিভিউ কপিটি কয়েকদিনের মধ্যেই জমা দেব। সব মিলিয়ে ঈদে নাটকটি দর্শকরা উপভোগ করতে পারবেন।”