দিওয়ালিতে ‘কৃষ ৩’
দিওয়ালির পরদিন, ৪ নভেম্বর মুক্তি পাবে ‘কৃষ ৩’।
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দিওয়ালির পরদিন ৪ নভেম্বর ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলিউডি সুপারহিরো সিনেমা ‘কৃষ ৩’, জানালেন নির্মাতা রাকেশ রোশান। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
সম্প্রতি সিনেমাটির প্রযোজক এবং পরিচালক রাকেশ রোশান প্রথমবারের মতো সিনেমাটির মুক্তির তারিখ জানিয়েছেন। তিনি বলেন, “৪ নভেম্বর, সোমবার ‘কৃষ ৩’ মুক্তির চূড়ান্ত দিন ধার্য করা হয়েছে।”
তিনি আরও জানান, রোহিত শেট্টির ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার সঙ্গেই মুক্তি পাবে ‘কৃষ ৩’ সিনেমার ট্রেইলার। তিনি বলেন, “৮ অগাস্ট আমাদের সিনেমার ট্রেইলার দেখতে পাবেন সবাই।”
প্রথমে দিওয়ালি উপলক্ষে ৩ নভেম্বর সিনেমাটি মুক্তির দিন ধার্য করা হলেও পরিবেশকদের চাপের মুখে তারিখ পেছাতে হয় নির্মাতাদের। কারণ পরিবেশকদের মতে দিওয়ালির দিন লক্ষ্মী পূজার জন্য সকলে ঘরে থাকেন। তাই পরবর্তীতে রাকেশ রোশান এবং অভিনেতা হৃত্বিক রোশান ৪ নভেম্বরের তারিখটি বেছে নেন।
