২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে সেলিমের চার নাটক

ঈদের জন্য চারটি নাটক নির্মাণ করছেন গিয়াসউদ্দিন সেলিম

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 11:44 AM

Updated : 25 Apr 2022, 06:54 PM

ঈদকে সামনে রেখে ‘মনপুরা’খ্যাত চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম চারটি নাটক তৈরি করছেন। এর মধ্যে ‘ওয়ারিসনামা’ শিরোনামের একটি নাটকের শুটিং শুরু হচ্ছে ২৬ জুন থেকে।

এ বিষয়ে সেলিম গ্লিটজকে বলেন, “এবারের ঈদে চারটি চ্যানেলের জন্য চারটি নাটক তৈরি করছি। এর মধ্যে প্রথম নাটকটির শুটিং শুরু করছি বুধবার। আগামী চারদিন উত্তরার বিভিন্ন লোকেশনে এর শুটিং করব। এতে অভিনয় করছেন শিল্পী সরকার অপু, আয়েশা মনিকা, স্পর্সিয়া, শ্যামল মওলা প্রমুখ। নাটকটি প্রচারিত হবে এসএটিভিতে।”

সেলিম আরও বলেন, “ঈদ উপলক্ষে এনটিভির জন্য তৈরি করছি ‘শিরোনামহীন’, চ্যানেল আইয়ের জন্য ‘মালাবদল’ এবং একুশে টিভির জন্য ‘বউ’। এই তিনটি নাটকের মধ্যে ‘মালাবদল’ ও ‘বউ’ পুনর্নির্মাণ করছি।”

“এই দুটি প্রযোজনা প্রায় ১০-১২ বছর আগে বানিয়েছিলাম। এখন আবারও নাটক দুটি নিয়ে কাজ করছি, কারণ দুটি গল্পই আমার খুব প্রিয়। আমি নতুন অভিনয় শিল্পী এবং এই সময়ের প্রেক্ষাপটে নাটক দুটি তৈরি করছি। এতে বর্তমানে যেসব নতুন প্রযুক্তি আমরা প্রাত্যহিক জীবনে ব্যবহার করছি সেসবের ব্যবহারও থাকবে। আসলে আগের গল্প দুটিকে নতুনভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে চেয়েছি বলেই এটি করছি।” বলেন সেলিম।

এই নির্মাতা বর্তমানে তার দ্বিতীয় চলচ্চিত্র ‘কাজলরেখা’র শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।