উপস্থাপনায় জুয়েল আইচ ও অপি
শিক্ষা ও বিনোদনমূলক টিভি অনুষ্ঠান ‘জীবনযাত্রা’ উপস্থাপনা করেছেন জুয়েল আইচ ও অপি করিম।
সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য, শিক্ষা ও উদ্বুদ্ধকরণ ইউনিটের ‘বিনোদনের মাধ্যমে শিক্ষা’ কর্মসূচির আলোকে তৈরি হয়েছে টিভি অনুষ্ঠান ‘জীবনযাত্রা’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জাদুশিল্পী জুয়েল আইচ ও অপি করিম। হানিফ সংকেতের রচনা ও পরিকল্পনায় ফাগুন অডিও ভিশন অনুষ্ঠানটি নির্মাণ করেছে।
এ বিষয়ে ফাগুন অডিও ভিশন থেকে জানা গেছে, অনুষ্ঠানে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, বর্ষিয়ান চলচ্চিত্রাভিনেতা রাজ্জাক সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রেখেছেন। অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার, বাংলাদেশ রেলওয়ের প্রথম মহিলা সহকারী চালক সালমা খাতুন, দেশের প্রথম প্যারাট্রুপার (ছত্রীসেনা) দম্পতি মেজর নুসরাত নুর আল চৌধুরী এবং মেজর মোহাম্মদ মঞ্জুরুল হক এবং মডেল ও অভিনেতা নোবেল ।
এতে তিনটি গান থাকছে। গানগুলোর কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। অনুষ্ঠানের শীর্ষ সংগীতটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও এ্যান্ড্রু কিশোর। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আলী আকবর রুপু। জনসংখ্যা ও পরিকল্পিত পরিবার নিয়ে সেøাগানধর্মী আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী শাকিলা জাফর, এস.আই. টুটুল, পার্থ বড়ুয়া ও ফাহমিদা নবী। গানটির সুর করেছেন রাজেশ এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। বাল্যবিবাহ বিষয়ে গান গেয়েছেন সংগীতশিল্পী আগুন। গানটিতে স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন মডেল ও অভিনেতা সাইদ বাবু ও স্ত্রীর ভূমিকায় ইভানা।
অনুষ্ঠানে সুন্দর আগামীর জন্য পরিকল্পিত পরিবার, অপরিকল্পিত পরিবারের সামাজিক বিপত্তি, ছোট পরিবার--সুখী পরিবার, পুত্র এবং কন্যা সন্তান নিয়ে ভেদাভেদ, ছেলের আশায় অধিক সন্তান, পরিকল্পিত পরিবার গঠনের সুফল, সুখী পরিবার গঠনে স্বামী-স্ত্রীর সমান দায়িত্ব, পরিকল্পিত পরিবারের সুবিধা-অসুবিধাসহ সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু মজাদার ও শিক্ষামূলক নাট্যাংশ রয়েছে। ‘জীবনযাত্রা’র উল্লেখযোগ্য শিল্পীরা হলেন মাসুম আজিজ, রহমত আলী, নাজমুল হুদা বাচ্চু, ফখরুল হাসান বৈরাগী, কে.এস. ফিরোজ, মাসুদ আলী খান, মহিউদ্দিন বাহার, সোলায়মান খোকা, কিসলু, সুভাশিষ ভৌমিক, আবদুল কাদের, শবনম পারভীন, সাজু খাদেম, স্বাগতা, জয়রাজ, অভিক, রিনা রহমান, পুতুল, অলিউল হক রুমী, নজরুল ইসলাম, আজিজ প্রমুখ।
অনুষ্ঠানটি ২৫ জুন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে। বাংলাভিশন ও এটিএন বাংলা ২৮ জুন শুক্রবার এটি সম্প্রচার করবে।
